সিলেট, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দক্ষিণ সুরমায় দুই কোটি টাকা মূল্যের ভেজাল ওষুধসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে লাউয়াই এলাকার একটি বাড়ি থেকে ভেজাল ওষুধসহ তাদের আটক করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ।
আটকরা হলেন- মো. আলাউদ্দিন ৩০ ও আব্দুর রহিম ৩৫।
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. আবু শীষ জানান, রাত ৮টার দিকে লাউয়াই এলাকায় অবস্থিত এমবি ফার্মাসিউটিক্যাল লি. নামের একটি ওষুধ কারখানায় অভিযান চালায় পুলিশ। এসময় ওই কারখানা থেকে বিপুল পরিমান নকল ভিটমিন ট্যাবলেট ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়।
আবু শীষ জানান, ভেজাল ওষুধগুলো প্যাকিং করাকালে আলাউদ্দিন ও আব্দুর রহিমকে আটক করা হয়। তবে প্রতিষ্ঠানের মালিক মৃদুল কান্তি সরকারকে আটক করা সম্ভব হয়নি। মৃদুলের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা এলাকায়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১৪০ ঘ.
bdnews24