রাজশাহী, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজশাহী মহানগরীতে দুই ক্লিনিক মালিককে ছয়মাস করে কারাদণ্ড দিয়েছে একটি ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া সার্বক্ষণিক চিকিৎসক ও প্রশিক্ষণপ্রাপ্ত সেবিকা না থাকায় আরেকটি ক্লিনিককে জরিমানা করা হয়।
বুধবার বিকালে লক্ষ্মীপুর এলাকায় মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতাল, ডক্টরস্ ক্লিনিক ও উত্তরবঙ্গ জেনারেল হাসপাতালে এই অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর ও মোবাশ্বের ইসলামের নেতৃত্বে এই অভিযানে সিভিল সার্জনের পক্ষ থেকে ডা. গাজিউল আলমও ছিলেন।
লাইসেন্স ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতালের মালিক মিজানুর রহমান এবং ডক্টরস্ ক্লিনিকের মালিক মাসকুরা খাতুনকে গ্রেপ্তার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক তাদের ছয় মাসের দণ্ড দিয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়।
এদিকে প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও সার্বক্ষণিক চিকিৎসক না থাকায় উত্তরবঙ্গ জেনারেল হাসপাতাল থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবির সাংবাদিকদের বলেন, নগরীর বেশ কয়েকটি ক্লিনিকে চরম অব্যবস্থাপনার মধ্যে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে তথ্য পেয়ে এ অভিযান চালানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৮ ঘ.
bdnews24