ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) স্থাপন করা হয়েছে অত্যাধুনিক ল্যাসিক মেশিন।
সোমবার দুপুরে মিটফোর্ড হাসপাতালের চক্ষু বিভাগে এ মেশিন উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।
মিটফোর্ড হাসপাতালের উপ-পরিচালক ডা. আবুল হাসেম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখানে এ ধরনের মেশিন এটাই প্রথম।"
মিটফোর্ড হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান অধ্যাপক শামছুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই মেশিনের সাহায্যে চোখের কর্ণিয়ার আকৃতি পরিবর্তন করে দৃষ্টির ভারসাম্য রক্ষা করা হয়। ফলে রোগী সারা জীবন চশমা ছাড়া চলাফেরা করতে সক্ষম হন।"
এই মেশিনটি ব্যবহার করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ান আছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম ফরিদুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএ-এর মহাসচিব ও বিএসএমএমইউ এর চক্ষু বিভাগের প্রধান অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/২৩১৬ ঘ.
bdnews24