২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সরকারি ওষুধ বিক্রি করে দেন চিকিৎসক-কর্মকর্তারা'

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সরকারি ওষুধ বাইরে বিক্রি করে সংকট সৃষ্টি করেন হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 04:09 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

রাজশাহী, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সরকারি ওষুধ বাইরে বিক্রি করে সংকট সৃষ্টি করেন হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা। আর সংকট দেখিয়ে রোগীদের ওষুধের জন্য বাইরে পাঠানো হয়। বৃহস্পতিবার স্থানীয় দুই সংসদ সদস্য আকস্মিক হাসপাতাল পরিদর্শন করে পাওয়া এই তথ্য জানিয়েছেন সাংবাদিকদের। ঘটনা তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ কমিটি করেছে। প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক এবং সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা হাসপাতাল পরিদর্শন করেন। তারা সাংবাদিকদের জানান, সড়ক দুর্ঘটনায় আহত নগরীর দড়িখবনা এলাকার আবুল কাশেম গত ১২ ফেব্র"য়ারি হাসপতালের অর্থোপেডিক বিভাগের ৩১ নম্বর ওয়ার্ডের ৪৪ নম্বর বেডে ভর্তি হন। ২২ ফেব্র"য়ারি তার অস্ত্রোপচারের দিন ধার্য করে আগের দিন ২০ প্রকারের ওষুধের একটি ব্যবস্থাপত্র দেওয়া হয়। ওই ওয়ার্ডের চিকিৎসক শহিদুল ইসলাম এই ব্যবস্থাপত্র দেন। রোগীর অভিভাবক আব্দুল মমিনকে এ সময় জানানো হয় হাসপাতালে কোনো ওষুধ নেই। প্রায় ১০ হাজার টাকা দামের এই ওষুধ কিনতে না পারায় ওইদিন কাশেমের অস্ত্রোপচার হয়নি। মমিন বিষয়টি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান লোটনকে জানান। বুধবার তিনি ওই ব্যবস্থাপত্র নিয়ে হাসপাতালের ভাণ্ডার রক্ষকের কাছে যান। তখন জ্যেষ্ঠ ভাণ্ডাররক্ষক ডা. এ বি এম মুনসুর রহমান তাকে জানান ব্যবস্থাপত্রে দেওয়া ২০টির মধ্যে তাদের কাছে ১৭টি ওষুধ আছে। ২২ ফেব্র"য়ারি এসব ওষুধ ওই রোগীর জন্য নিয়ে যাওয়ার রশিদ দেখান তিনি। এই রশিদ ও ব্যবস্থাপত্র নিয়ে বৃহস্পতিবার দুই সাংসদ হাসপাতালের পরিচালকের কাছে যান। দুই সাংসদ জানান, তাদের অভিযোগের ভিত্তিতে সেখানে অর্থোপেডিক বিভাগের প্রধান ডা. বি কে দাম, ৩১ নম্বর ওয়ার্ডের চিকিৎসক ডা. শহিদুল ইসলাম, স্টাফ ওয়ার্ড ইনচার্জ (নার্স) মামুনুর রশিদ ও জ্যেষ্ঠ ভাণ্ডাররক্ষক ডা. এ বি এম মুনসুর রহমানকে পরিচালকের কক্ষে ডাকা হয়। কিন্তু তাদের কেউই অভিযোগ অস্বীকার করে কোনো সদুত্তর দিতে পারেননি। বরং তারা ক্ষমা চেয়েছেন। দুই সাংসদ বলেন, কমিটি গঠন করে ওষুধ চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন। বিষয়গুলো নিয়ে তারা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল আলম সিদ্দিকী রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোগীদের জন্য বরাদ্দ ওধুষ চুরির ঘটনা দুঃখজনক। ঘটনা তদন্তে রক্ত সঞ্চালন বিভাগের অধ্যাপক ডা. গোলাম কিবরিয়াকে আহ্বায়ক এবং সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মমিনুর রহমান ও নাক-কান-গলা বিভাগের অধ্যাপক ডা. সাবেরকে সদস্য করে কমিটি করা হয়েছে। পরিচালক জানান, কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে মন্ত্রণালয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে। একই সঙ্গে হাসপাতালের সব ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও সুপারিশ করা হবে। শুক্রবার হাসপাতালের ওষুধ দিয়েই কাশেমের অস্ত্রোপচার হবে বলে পরিচালক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৬ ঘ.