রংপুর, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিপা ভাইরাসের লক্ষণ নিয়ে দুই জন মারা গেছে।
এরা হলো- গাইবান্ধা সদর উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামের মোক্তার হোসেন (৪৫) ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বিলাইচণ্ডীপুর গ্রামের আরিফউদ্দিনের ১১ বছরের মেয়ে মাসুমা আক্তার মিনি।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. তৌফিকুল ইসলাম মৃত্যুর কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই জনই বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে মারা গেছে।
তিনি বলেন, মারা যাওয়া দুই জন নিপায় আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়া না গেলেও তাদের মধ্যে নিপা ভাইরাস সংক্রমণের লক্ষণ ছিলো।
একই লক্ষণ নিয়ে এই হাসপাতালে ভর্তি হওয়া ১৬ রোগীর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
নিপায় আক্রান্ত হলে প্রথমে প্রচণ্ড জ্বর, মাথাব্যথা, খিচুনি ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এক পর্যায়ে রোগী প্রলাপ বকতে শুরু করে এবং অজ্ঞান হয়ে পড়ে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর টকমকে বলেন, "মারা যাওয়া দুই জনের মধ্যেই নিপা সংক্রমণের লক্ষণ ছিলো। তবে পরীক্ষার পর নিপার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।"
গত ১ ফেব্র"য়ারি থেকে এ পর্যন্ত লালমনিরহাটের হাতীবান্ধায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
আইইডিসিআর'র একটি বিশেষজ্ঞ দল হাতীবান্ধায় কাজ করছে। ওই দলের নেতৃত্ব দিচ্ছেন ডা. মুশতাক।
বাংলাদেশে সর্বপ্রথম নিপা ভাইরাস সংক্রমণের বিষয়টি ধরা পড়ে ২০০১ সালে। ওই সময় থেকে চলতি সংক্রমণের আগ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত ১৭৪ জনের মধ্যে ১২৭ জনেরই মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এনআইএইচ/এএল/এমএসবি/১৮১৮ ঘ.
bdnews24