ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের হাতীবান্ধায় জ্বরের কারণ নিপা ভাইরাস বলে সনাক্ত করা হয়েছে। ওই এলাকায় গত চার দিনে এ জ্বরে ১৪ জনের মৃত্যুর বিষয়টি সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে।
নিপা ভাইরাসের সংক্রমণ রোধে খেজুরের রস না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
চলতি সপ্তাহের শুরুতে হাতীবান্ধায় এ জ্বরের প্রাদুর্ভাব দেখা যায়। এতে কয়েকজনের মৃত্যুর পর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) গবেষকরা বুধবার জ্বরের কারণ খুঁজে বের করতে কাজ শুরু করেন।
আক্রান্তদের রক্তের নমুনা পরীক্ষার পর শুক্রবার আইইডিসিআর-এর পরিচালক মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, এটি নিপা ভাইরাসের সংক্রমণ বলে পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে।
গত কয়েকদিনে হাতীবান্ধা এলাকায় নিপা ভাইরাসজনিত জ্বরে ২২ জন আক্রান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, "এর মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে।"
হাতীবান্ধার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুজ্জামানও জানিয়েছেন, ভাইরাসজনিত এ জ্বরে ১৪ জনের মৃত্যু হয়েছে। তবে স্থানীয়দের দাবি, মৃতের সংখ্যা ১৯।
নিপা ভাইরাস সংক্রমণের বিষয়টি জানাতে হাতীবান্ধা 'প্ল্যান' কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আইইডিসিআর।
সংস্থার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. সুবোধ কুমার কুণ্ডু বলেন, এ রোগে আক্রান্তদের পরিচর্যা করতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। রোগীর ব্যবহৃত কাপড় ও অন্যান্য সামগ্রী ভালোভাবে পরিষ্কার না করে আবার ব্যবহার করা যাবে না। রোগীর পরিচর্যা করার পর হাত ভালোভাবে ধুয়ে জীবাণুমুক্ত করতে হবে।
রোগীর কফ ও থুতু যেখানে সেখানে না ফেলে একটি পাত্রে রেখে পরে পুড়িয়ে ফেলতে হবে।
তিনি জানান, নিপা ভাইরাসে আক্রান্ত হলে প্রথমে প্রচণ্ড জ্বর, মাথাব্যথা, খিচুনি ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এক পর্যায়ে রোগীরা প্রলাপ বকতে শুরু করে অজ্ঞান হয়ে পড়ে।
বাংলাদেশে সর্বপ্রথম নিপা ভাইরাস সংক্রমণের বিষয়টি ধরা পড়ে ২০০১ সালে। ওই সময় থেকে এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত ১৭৪ জনের মধ্যে ১২৭ জনেরই মৃত্যু হয়েছে।
আইইডিসিআরের পরিচালক মাহমুদুর রহমান জানান, নিপা ভাইরাস ছড়ায় মূলত বাদুড়ের মাধ্যমে। বাংলাদেশে সাধারণত ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এই সময়টাতেই খেঁজুরের রস সংগ্রহ করা হয়। আর বাদুড় গাছে বাঁধা হাড়ি থেকে রস খাওয়ার চেষ্টা করে বলে ওই রসের সঙ্গে তাদের লালা মিশে যায়।
সেই বাদুড় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকলে এবং সেই রস খেলে মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে এ ভাইরাস। আক্রান্ত মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে এ রোগ।
তবে হাতীবান্ধায় এখনো পর্যন্ত মানুষ থেকে মানুষে এ রোগ ছড়ানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানান তিনি।
মাহমুদুর রহমান বলেন, "শীতকালে বাংলাদেশের মানুষের খেজুরের রস খাওয়ার অভ্যাস দীর্ঘদিনের। তবে নিপা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চাইলে আমাদের রস খাওয়া বন্ধ করতে হবে।"
সংক্রমিত এলাকা ঘুরে দেখার পর আইসিডিডিআর,বির গবেষক ড. ফারহানা হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবার হাতীবান্ধার টংভাঙ্গা গ্রামেই সবচে বেশি মানুষ সংক্রমিত হয়েছে।
"আমরা এখানে অনেক বাদুড় দেখতে পেয়েছি। আর খেজুরের রস এখানকার মানুষের খুবই প্রিয়। শিশুরা গাছ থেকে পড়া বাদুরের আধখাওয়া ফল খাচ্ছে। এটাও বন্ধ করতে হবে," যোগ করেন তিনি।
ফারহানা জানান, এলাকার মানুষ জ্বর ও মৃত্যুর ঘটনায় আতঙ্কের মধ্যে ছিল। চিকিৎসক প্রতিনিধি দল সেখানে যাওয়ার পর তারা অনেকটা স্বস্তি বোধ করেছেন।
তিনি বলেন, "আমরা ঘরে ঘরে গিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। মানুষ থেকে মানুষে এ রোগের সংক্রমণ ঠেকাতে মাস্ক বিতরণ করেছি।"
এছাড়া বাদুরের বসবাস বন্ধ করতে এলাকাবাসীকে তাদের ঘরের চাল পরিষ্কার রাখতে অনুরোধ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, "এখন পরিস্থিতি ভালোর দিকে।"
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শাহাদাত হোসেন জানান, তারাও হাতীবান্ধার মানুষকে আপাতত খেজুর গুড় ও রস, আখের রস, পেঁপে, পেয়ারা, বরইসহ স্থানীয় ফল না খাওয়ার পরামর্শ দিচ্ছেন।
১৯৯৮ সালে মালয়েশিয়ায় সর্বপ্রথম নিপা ভইরাস সনাক্ত করা হয়। তবে বর্তমানে বালাদেশকে এ রোগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা বিবেচনা করা হচ্ছে।
২০০১ সাল থেকে এ পর্যন্ত মেহেরপুর, নওগাঁ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, মানিকগঞ্জ ও রংপুরে মানব দেহে নিপা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনআইএইচ/এমআই/জেকে/২৩০১ ঘ.
bdnews24