ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবন্ধিতা সম্পর্কে মানুষের স্বচ্ছ ধারণা তৈরি এবং প্রতিবন্ধীদের প্রতি ইতিবাচক মনোভাব পোষণের আহ্বান জানিয়ে শুরু হয়েছে প্রতিবন্ধিতা বিষয়ক জাতীয় সিম্পোজিয়াম-২০১১।
বুধবার সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে জাতীয় প্রতিবন্ধী ফোরাম আয়োজিত দুই দিনব্যাপী এই সিম্পোজিয়ামের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস।
সিম্পোজিয়ামের প্রথম দিনে অটিজম, প্রতিবন্ধী শিশু এবং শ্রবণ-দৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ে আলাদা অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।
রণজিৎ কুমার বিশ্বাস তার বক্তব্যে বলেন, “সমাজের সকল স্তরে প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে এ বিষয়ে সকলের স্বচ্ছ ধারণা এবং গভীর জ্ঞান থাকা প্রয়োজন। আমরা সবাই দৃষ্টি প্রতিবন্ধীদের বিষয়ে জানি। কিন্তু শ্রবণ-দৃষ্টি প্রতিবন্ধীদের বিষয়ে আমাদের সবার স্পষ্ট ধারণা নেই।”
“এসব বিষয়ে ধারণাগুলো স্পষ্ট হলেই একজন প্রতিবন্ধী মানুষ আর দশটা সাধারণ মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে।”
জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব জওয়াহেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিবন্ধী শিশু অধিকার থিমেটিক গ্র“পের কনভেইনার ড. শামীম ফেরদৌস, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ড. রওনক হাফিজ প্রমুখ।
সিম্পোজিয়ামের শেষ দিনে আইসিটি ও প্রতিবন্ধিতা, প্রতিবন্ধী কিশোর-কিশোরী এবং মনো-সামাজিক প্রতিবন্ধিতা বিষয়ে পৃথক অধিবেশন অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এসইউ/১৬২৪ ঘ.
bdnews24