২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানসিক স্বাস্থ্য: কমিউনিটি ক্লিনিককে সম্পৃক্ত করার পরামর্শ

মানসিক রোগের চিকিৎসার ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিককে সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 04:52 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানসিক রোগের চিকিৎসার ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিককে সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেন্টাল হেলথ অ্যান্ড সাবস্ট্যান্স অ্যাবিউজ ইউনিটের দক্ষিণপূর্ব এশিয়া বিষয়ক উপদেষ্টা ড. বিজয় চন্দ্র বলেন, “মানসিক স্বাস্থ্যের চিকিৎসার ক্ষেত্রে দুইভাবে এগোনো প্রয়োজন। আমাদের মানুষের কাছে পৌঁছাতে হবে এবং একইসঙ্গে তাদেরকে তৃতীয় পর্যায়ের সহায়তা দিতে হবে।” “বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মতো তৃতীয় পর্যায়ের সেবাদাতা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে। এখন মানুষের কাছে পৌঁছাতে হবে।” তিনি বলেন, “এক্ষেত্রে কমিউনিটি ক্লিনিক ভূমিকা রাখতে পারে।” রাজধানীতে দক্ষিণপূর্ব এশিয়ার ১১টি দেশের প্রতিনিধিদের তিনদিনের এক বৈঠক শেষে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের সঙ্গে কথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা। বাংলাদেশ সাইকিয়াট্রিস্ট অ্যাসোসিয়েশনের তথ্য মতে, দেশে মানসিক রোগীর তুলনায় মানসিক স্বাস্থ্য সেবাকেন্দ্রের সংখ্যা খুবই কম। সরকারি তথ্যমতে, দেশের দশজন মানুষের মধ্যে অন্তত তিনজন কোনো না কোনো ধরনের মানসিক সমস্যায় ভুগছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি পাইলট প্রকল্পে দেখা গেছে, দেশে মানসিক রোগীর তুলনায় প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রায় ৯২ শতাংশ কম রয়েছে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক এম গোলাম রাব্বানী বলেন, “দেশের বাকি অংশের চিত্রও প্রায় একই রকম।” “১৫ কোটির ওপর মানুষের জন্য মাত্র ১৯০ জন মানসিক স্বাস্থ্য চিকিৎসক আছেন। তাই কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা প্রদানকারীরা এ ব্যবধান কমিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।” বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী নিয়োগ করেছে। প্রতি ছয় হাজার পরিবারের জন্য একটি কমিউনিটি ক্লিনিক করা হচ্ছে। বর্তমানে ১০ হাজার ৩২০টি কমিউনিটি ক্লিনিক সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আগামী বছরের জুলাই নাগাদ আরো তিন হাজার কমিউনিটি ক্লিনিক ‘পুরোদমে কাজ শুরু করবে’। এছাড়া ‘দীর্ঘদিন অবহেলিত’ মানসিক রোগী ও অটিজমের ক্ষেত্রে সচেতনতা সৃষ্টিতেও কাজ করছে সরকার। অটিজম নিয়ে এ অঞ্চলে প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক সম্মেলন গত জুলাইয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী তাতে উপস্থিত ছিলেন। এছাড়া ১৬ অক্টোবর রাজধানীতে মানসিক স্বাস্থ্য বিষয়ক ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন এবং বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সরকার স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাতে পাঁচ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনায় (এইচপিএনএসডিপি) বিশেষ বরাদ্দ রাখার পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি আইন চূড়ান্ত করার প্রক্রিয়ায় আছে। মানসিক স্বাস্থ্য নিয়ে সরকারের উদ্যোগের প্রশংসা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা বিজয় বলেন, “এর মাধ্যমে মানসিক স্বাস্থ্যসেবা পরিস্থিতির উন্নয়নে সরকারের পূর্ণ আন্তরিকতা প্রতিফলিত হয়েছে। এখন এতে আমাদের সহায়তা দেওয়া প্রয়োজন।” মানসিক রোগী ও মানসিক স্বাস্থ্যসেবার মধ্যকার বিরাজমান ব্যবধান কমিয়ে আনতে বাংলাদেশ, থাইল্যান্ড, ভূটান ও পূর্ব তিমুরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে পাইলট প্রকল্প চলছে। “একবার জাতীয় পর্যায়ে জোরালো উদ্যোগ নেওয়া হলে আমাদের ভূমিকা কমে আসবে” উল্লেখ করে ড. বিজয় বলেন, বিশ্বের যে কোনো জায়গায় অগ্রগতির জন্য প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি বিভিন্ন নতুন বিষয় নিয়ে হাজির হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাইলট প্রকল্পের আওতায় তৃণমূল পর্যায়ে মৃগীরোগ, মনোরোগ, বিষন্নতা ও অটিজমের মতো নানা সমস্যার রোগনির্ণয় করা হচ্ছে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক রাব্বানী বলেন, “এটা খুবই সম্ভব। আমাদের মনে হয়েছে তারা (কমিউনিটি স্বাস্থ্যসেবা দানকারীরা) এটা করতে পারে।” “তারা কেবল রোগীর সঙ্গে কথা বলেই রোগ সনাক্ত করতে পারে। এক্ষেত্রে প্রশ্নমালা থাকবে।” “তারপর তারা তাদের উপজেলা পর্যায়ে পাঠাবে যেখানে প্রশিক্ষিত চিকিৎসক থাকবেন। এসব চিকিৎসকরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গেও ফোনে কথা বলতে পারেন।” “পুরো প্রক্রিয়া একযোগে কাজ করবে। এর জন্য অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন পড়বে না।” বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক উপদেষ্টা বলেন, এ প্রক্রিয়ায় মানসিক রোগীদের প্রতি সমাজে মানুষের ভুল ধারণা ও খারাপ আচরণ দূর হবে। “তারা আধুনিক চিকিৎসা পদ্ধতির হাসপাতালে না গিয়ে কবিরাজের কাছে যাবে না। “আপনি হাসপাতালে কাউকে শিকলে বাধা বা অবরুদ্ধ অবস্থায় দেখবেন না। তারা স্বাধীনভাবে হাসপাতালে ঘুরে বেড়াবে এবং চিকিৎসা নেবে।” মানসিক রোগীদের প্রতি ভুল ধারণা দূর করতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “মানুষ এখনো মনে করে যে, তারা মারমুখী। রাস্তায় দেখলে তাদের দিকে পাথর ছুড়ে মারে। কিন্তু তারা তার জবাব দিলে তাদেরকে মারমুখী মনে করা হয়। “কেউ পাথর মারলে প্রত্যেকেই তার জবাব দেবে। এটা খুবই স্বাভাবিক।” তিনদিনের এ বৈঠকে মানসিক স্বাস্থ্যের উন্নতি, প্রতিকার, চিকিৎসা ও পুনর্বাসন, কল্যাণ ও মানবাধিকার সমুন্নত রাখার বিষয়কে অন্তর্ভুক্ত করে মানসিক স্বাস্থ্য নীতি, পরিকল্পনা, কর্মসূচি ও আইন প্রণয়নের জন্য সব সদস্য দেশের প্রতি সুপারিশ করা হয়েছে। এছাড়া দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মানসিক স্বাস্থ্যসেবাকে অন্তর্ভুক্ত করারও আহ্বান জানানো হয়েছে। এক্ষেত্রে প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ করে দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিও এ বৈঠক থেকে আহ্বান জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/জিএনএ/২২৩৪ ঘ.