ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন মা, শিশু এবং স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার ওপর জোর দিয়ে বিশ্বের সর্বাধিক বিক্রিত জীবাণুনাশক 'ডেটল' বাংলাদেশে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রচারণায় নেমেছে।
শনিবার স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক রাজধানীতে একটি ভ্রাম্যমাণ মিনিবাসে এ প্রচারণা উদ্ধোধন করেন। চিকিৎসক এবং সেবিকার একটি দলসহ বাসটি সারা বাংলাদেশ ভ্রমণ করে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা এবং হাত ধোয়ার ব্যাপারে উৎসাহিত করবে।
বিশ্ব হাত ধৌতকরণ দিবস উপলক্ষে সারাবিশ্বে এ দিবস পালনের অংশ হিসেবে এ প্রচারণা শুরু হয়।
বাংলাদেশের মাত্র ১৪ শতাংশ মানুষ খাদ্যদ্রব্য তৈরির আগে সাবান দিয়ে হাত ধোয় বলে এক জরিপে দেখা গেছে। এ দেশের বেশির ভাগ মানুষই জানে না অপরিচ্ছন্ন হাত ডায়রিয়াসহ আরো নানাবিধ রোগ সংক্রমণ করতে পারে।
অনুষ্ঠান উদ্ধোধনের সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, "যদি আমরা হাত ধোয়ার চর্চা অব্যাহত রাখি তাহলে ডায়রিয়াজনিত মৃত্যু এমনকি জীবাণু সসংক্রমণ কমে মাতৃমৃত্যুও কমে আসবে।"
ডেটল প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেকিট অ্যান্ড বেনকিজারের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল চৌধুরী বলেন, "২০১৩ সালের মধ্যে প্রায় এক লাখ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঠিক উপায়ে হাত ধোয়ার কৌশল এবং এর উপকারিতা সম্পর্কে জানানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তারা।"
শিক্ষার্থীদের হাত ধোয়ার ব্যাপারে উৎসাহিত করতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে চলার ওপর গুরুত্ব দিয়ে অভিনেতা এবং সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, "রাজনীতিবিদদের উচিত তাদের পাবলিক অ্যাড্রেসগুলোতে স্বাস্থ্য সচেতনমূলক বার্তা পৌঁছে দেওয়া।"
১৯৩৩ সাল থেকে জনপ্রিয় জীবাণুনাশক হিসেবে বাজারে ডেটল বিক্রি হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/আরএম/পিডি/২০৪০ ঘ.
bdnews24