২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুর পোলিও টিকা নিশ্চিত করুন: প্রধানমন্ত্রী

পোলিওমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পাঁচ বছরের কম বয়সী সকল শিশুকে পোলিও টিকাদান কর্মসূচির আওতায় আনা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 12:46 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোলিওমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পাঁচ বছরের কম বয়সী সকল শিশুকে পোলিও টিকাদান কর্মসূচির আওতায় আনা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। তিনি বৃহস্পতিবার সকালে গণভবণে কয়েকটি শিশুকে দু'ফোটা করে পোলিও টিকা খাইয়ে ১৯তম জাতীয় টিকা দিবসের উদ্বোধন করেন। শেখ হাসিনা চিকিৎসকদের প্রতি কর্মক্ষেত্রে উপস্থিত থেকে গ্রামের লোকজনের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। এ ব্যাপারে কোন ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলে তিনি সতর্ক করে দেন। তিনি বলেন, "কর্মজীবী মায়েদের শিশু, দরিদ্র ও অবহেলিত মা বিশেষ করে পিছিয়ে পড়া বিভিন্ন এলাকার শিশুদের বিশেষ স্বাস্থ্যসেবা দিতে হবে।" শনিবার দেশব্যাপী জাতীয় টিকাদান কর্মসূচী পালিত হবে। এ দিন ৫৯ মাস বয়সের কম সকল শিশুকে ২ ফোঁটা পোলিও ভ্যাকসিন, ১২ থেকে ৫৯ মাসের প্রত্যেক শিশুকে একটি করে ভিটামিন 'এ' ক্যাপসুল এবং ২৪ থেকে ৫৯ মাসের সকল শিশুকে একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। স্বাস্থ্যমন্ত্রী এ এফ এম রুহল হক ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এসইউএম/কেএমএস/১৮৩১ ঘ.