২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোগীর কাছে ভ্যাট আদায় বন্ধে হাইকোর্টের রায় বহাল

রোগীর কাছ থেকে চিকিৎসাপত্র এবং প্যাথলজিকাল টেস্টসহ সব ধরনের রোগ নির্ণয়ের পরীক্ষার ক্ষেত্রে ভ্যাট আদায় বন্ধে হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 11:16 AM

Updated : 25 Aug 2022, 01:33 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোগীর কাছ থেকে চিকিৎসাপত্র এবং প্যাথলজিকাল টেস্টসহ সব ধরনের রোগ নির্ণয়ের পরীক্ষার ক্ষেত্রে ভ্যাট আদায় বন্ধে হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে করা সরকারের আপিল বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে আদালত। প্রধান বিচারপতি মোহম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেয়। গত বছরের ১৪ জুলাই হাইকোর্ট এক রায়ে রোগীদের কাছ থেকে চিকিৎসাপত্র, প্যাথলজিক্যাল টেস্ট ও রোগ নির্ণয়ের ক্ষেত্রে প্র্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভ্যাট আদায় বেআইনি, সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করে এ ধরনের ভ্যাট আদায় না করার জন্য সরকার ও সংশ্লিষ্টদের নির্দেশ দেয়। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে সরকার আপিল করার আবেদন করে। অ্যাডভোকেট জুলহাস উদ্দিন আহম্মেদ, মো. আব্দুল বারী ও গোলাম মোস্তফা ওই বছরের ১৫ ফেব্র"য়ারি রিটটি দায়ের করেছিলেন। হাইকোর্টের ওই রায় লঙ্ঘন করায় গত বছরের ২৭ সেপ্টেম্বর রাজধানীর ১৬টি হাসপাতাল কর্তৃপক্ষকে উকিল নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরশেদ। প্রতিষ্ঠানগুলো হচ্ছে : অ্যাপোলো, স্কয়ার, ইউনাইটেড হসপিটাল, ল্যাব এইড, সিটি হসপিটাল, কমপ্যাথ লিমিটেড, মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, পপুলার, শমরিতা, মনোয়ারা হাসপাতাল, মেডিনোভা, সেন্ট্রাল হসপিটাল, ডেল্টা হসপিটাল, ব্রাইটন, কমফোর্ট ও ইবনে সিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এইচএ/১৭০৭ ঘ.