ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রক্তরোগের চিকিৎসায় প্রতি এক লাখ রোগীর জন্য দেশে চিকিৎসক রয়েছেন মাত্র একজন।
বাংলাদেশ সোসাইটি অব হেমাটোলজির প্রথম বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক অধিবেশন উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ডা. এম এ খান শনিবার এতথ্য জানান।
রাজধানীর একটি হোটেলে সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি।
ডা. খান জানান, প্রায় ৫০ লাখ রক্তবাহী রোগীর জন্য মাত্র ৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন। ব্লাড ক্যান্সার, লিমফোমা, মাল্টিপল মাইলোমা, অ্যানিমিয়া ও থ্যালাসেমিয়াসহ আরো অনেক রক্তরোগের চিকিৎসায় প্রয়োজনীয় সুবিধা হাসপাতালগুলোতে অপ্রতুল।
এ কারণে বিপুল সংখ্যক রোগী দেশের বাইরে থেকে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন বলে জানান তিনি।
কমিটির সভাপতি বলেন, "দেশে এখন পর্যন্ত কোনো বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনের কোনো সেন্টার তৈরি হয়নি।"
তিনি জানান, বাংলাদেশে বর্তমানে চারশ রোগী বোনম্যারো ট্রান্সপ্লাটেশন করার পর্যায়ে রয়েছে। ট্রান্সপ্লাটেশন সেন্টার থাকলে এদের অনেকেই সুস্থ হতেন। যাদের সামর্থ্য নেই তারা চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন।
একটি বোনম্যারো ট্রান্সপ্লাটেশন সেন্টার তৈরিতে ৩০-৪০ কোটি টাকা প্রয়োজন হয় জানিয়ে তিনি বলেন, "এ সেন্টার স্থাপন করা হলে চিকিৎসার জন্য রোগীদের বিদেশ যাওয়ার প্রয়োজন হতো না।"
ভারতে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে ৪০ লাখ টাকা এবং সিঙ্গাপুরে এক কোটি টাকা খরচ হয়।
রক্তরোগের চিকিৎসায় বাংলাদেশে মাত্র ছয়টি সরকারি হাসপাতালে হেমাটোলজি বিভাগ রয়েছে বলে জানান ডা. খান।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক বলেন, "হেমাটোলজি বিভাগগুলোতে যা যা প্রয়োজন তা সরবরাহ করা হবে।"
বোনম্যারো ট্রান্সপ্লাটেশনের বিষয়টি অত্যন্ত ব্যয়বহুল উল্লেখ করে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ডা: ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকির বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোনম্যারো ও লিভার ট্রান্সপ্লাটেশন সেন্টার স্থাপনের নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেবি/পিডি/১৭৩৯ ঘ.
bdnews24