ওয়াশিংটন, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্বে দরিদ্র দেশগুলোতে গর্ভধারণ ও সন্তান জন্মদানকালে নারী মৃত্যুর হার গড়ে ৩৫ শতাংশ কমেছে। কিন্তু ধনী দেশগুলোতে এ হার বেড়েছে।
নতুন পদ্ধতিতে করা যুক্তরাষ্ট্রের এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।
চীন, মিশর, ইকুয়েডর ও বলিভিয়ার মতো উন্ন্য়নশীল দেশগুলোতে মার্তৃমৃত্যু হার অনেক কমেছে। কিন্তু বিস্ময়করভাবে এ হার বেড়ে গেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও নরওয়ের মতো দেশগুলোতে।
গবেষকরা সোমবার জানিয়েছেন, তাদের গবেষণায় দেখা গেছে, কোনও দেশ নারীদের জীবন বাঁচাতে চাইলে তা সম্ভব। আর কি করে তা সম্ভব গবেষণার বিচার-বিশ্লেষণে সে নির্দেশনাও আছে।
গবেষকরা জানান, ২০০৮ সালে আফ্রিকায় শুধুমাত্র মরণব্যধি এইডসের কারণে ৬১ হাজারেরও বেশি নারী গর্ভধারণকালে কিংবা সন্তান জন্মদানের সময়টিতে মৃত্যুবরণ করেছে।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের 'ইন্সটিটিউট ফর হেলথ মেট্রিক্স এন্ড এভালুয়েশন' এর ডাক্তার ক্রিস্টোফার ম্যুরের নের্তৃত্বে এ গবেষণা পরিচালিত হয়েছে।
ক্রিস্টোফার ম্যুরে বলেছেন, নতুন গবেষণায় প্রাপ্ত তথ্য খুবই উৎসাব্যঞ্জক এবং বিস্ময়কর। বিশ্বে এখনও অনেক মাতৃমৃত্যুর ঘটনা ঘটছে। কিন্তু গবেষণায় যা দেখা যাচ্ছে, তাতে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু) মে মাসে যে গবেষণা চালিয়েছে তার পুরো ভিন্ন চিত্র উঠে এসেছে নতুন গবেষণায়। হু র গবেষণায় দেখা গিয়েছিল, ২০ বছর আগের তুলনায় এখন মা ও নবজাতকদের বাঁচার সম্ভাবনা অনেক কম।
কিন্তু ডাক্তার ম্যুরে ও তার সহকর্মীরা তাদের গবেষণা প্রতিবেদনে জানিয়েছেন, ২০০৮ সালে বিশ্বব্যাপী মাতৃমৃত্যুর সংখ্যা ছিল ৩ লাখ ৪২ হাজার ৯০০। যা ১৯৮০ সালের তুলনায় অনেক কম। ১৯৮০ সালে এ সংখ্যা ছিল ৫ লাখ ২৬ হাজার ৩০০।
ম্যুরের গবেষকদল ১৮১ টি দেশের মার্তৃমৃত্যুর রেকর্ডের ভিত্তিতে এ পরিসংখ্যান দিয়েছে। গবেষণাটি ল্যানসেট মেডিক্যাল জার্নালে প্রকাশিত হয়।
এতে বলা হয়েছে, বিশ্বে গত ৩০ বছরে গর্ভধারণ সংক্রান্ত জটিলতায় মাতৃমৃত্যু হার ৩৫ শতাংশেরও বেশি কমেছে। চীন, মিশর, ইকুয়েডর ও বলিভিয়ায় মাতৃমৃত্যু হার কমেছে সবচেয়ে বেশি। আর বেড়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও নরওয়েতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৮২১ ঘ.
bdnews24