সুনামগঞ্জ, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী দুই মাসের মধ্যে দেশে ৩২ হাজার চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির।
এই নিয়োগ সম্পন্ন হলে দেশে চিকিৎসা সঙ্কট অনেকটা কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শনিবার বিকালে সুনামগঞ্জ শহরের হাছননগরে একটি বেসরকারি হাসপাতাল উদ্বোধনের সময় প্রতিমন্ত্রী এ কথা জানান।
তিনি আরো বলেন, দেশে ভালো মানের বেসরকারি হাসপাতাল তৈরি হলে বিদেশে গিয়ে চিকিৎসা করার প্রবণতা কমে যাবে।
গত জোট সরকারের আমলে বন্ধ হওয়া আটশ' কমিউনিটি ক্লিনিক এ সরকার আবার চালু করেছে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
সুনামগঞ্জ সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করারও ঘোষণা দেন মুজিবুর রহমান ফকির।
আনিসা হেলথ্ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামের বেসরকারি হাসপাতালটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. হারিছ উদ্দিন।
এতে আরো বক্তব্য দেন- সংসদ সদস্য এম এ মান্নান ও মুহিবুর রহমান মানিক, হাসপাতালটির পরিচালক আনোয়ার হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯০২ ঘ.
bdnews24