২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়রিয়ায় প্রকোপ ঢাকায় এবার আগেই

রাজধানীতে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে, তবে এখন পর্যন্ত তা মারাত্মক রূপ নেয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা ও নিরাময় কেন্দ্র (আইসিডিডিআর'বি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2010, 12:00 PM

Updated : 24 Aug 2022, 07:29 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে, তবে এখন পর্যন্ত তা মারাত্মক রূপ নেয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা ও নিরাময় কেন্দ্র (আইসিডিডিআর'বি)। আইসিডিডিআর'বিতে গত কয়েকদিন বয়স্ক রোগীর সংখ্যা বেশি থাকলেও শুক্রবার বেশ কিছু শিশু রোগী দেখা যায়। শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত রোগী ভর্তির সংখ্যা ছিলো ৩২১ জন। প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিলো ৪৯৫। বুধ ও মঙ্গলবার এ সংখ্যা ছিলো যথাক্রমে ৫১২ ও ৫২০। আইসিডিডিআর'বি হাসপাতালের চিকিৎসক আজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিবছরই এপ্রিল-মে মাস নাগাদ আমাদের দেশে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। কিন্তু এ বছর তা একটু আগেই দেখা দিয়েছে।" শীত শেষে তাপমাত্রা হঠাৎ বেড়ে যাওয়া রোগের প্রাদুর্ভাবের কারণ বলে তিনি ধারণা করছেন। এর সঙ্গে বিশুদ্ধ পানির সঙ্কটের কথাও বলেছেন তিনি। আক্রান্ত হয়ে হাসপাতালে আসা রোগীদের অধিকাংশেরই বাড়ি বাড্ডা, ডেমরা-যাত্রাবাড়ী ও মিরপুর এলাকায়। আজহার বলেন, "এখন যে হারে রোগী আসছে, তাতে পরিস্থিতি আশঙ্কাজনক বলা যাবে না। তবে সে রকম অবস্থার যদি সৃষ্টি হয়, তাহলে জরুরি ভিত্তিতে আরো এক হাজার বেড স্থাপনের প্রস্তুতি আমাদের রয়েছে।" বর্তমানে হাসপাতালটিতে ডায়রিয়া ওয়ার্ডে সাড়ে পাঁচশ শয্যা রয়েছে। ডায়রিয়া প্রতিরোধে নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে আজহার বলেন, ডায়রিয়ায় আক্রান্ত হলেই রোগীকে বেশি করে পানি ও খাবার দিতে হবে। হাসপাতালে নেওয়ার পথেও তা চলাতে হবে। এছাড়া বিশুদ্ধ খাবার ও পানির বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি। পানি ভালোভাবে ফুটিয়ে তারপরই পান করতে বলেছেন ডা. আজহার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/১৭৫৫ ঘ.