ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে হাসপাতালগুলোর জরুরি বিভাগ রোগীদের পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে পারছে না বলে মত প্রকাশ করেছেন বিশেজ্ঞরা।
তারা মনে করেন, দক্ষ চিকিৎসক, নার্স, চিকিৎসা সরঞ্জাম ও হাসপাতালে আনার পূর্বসেবার অভাব থাকায় জরুরি বিভাগে রোগীরা সেবা পাচ্ছে না।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে বাংলাদেশ সোসাইটি অব এমার্জেন্সি মেডিসিনের আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সোসাইটির মহাসচিব অধ্যাপক রাগীব মনজুর বলেন, জরুরী সেবাদান কেন্দ্র বলতে যা বুঝায় দেশের হাসপাতালগুলোর জরুরী বিভাগ সেভাবে গড়ে ওঠেনি।
হাসপাতালগুলোতে আসা মোট রোগীদের মধ্যে ১০ থেকে ১৫ শতাংশই জরুরি সেবা নিতে আসে উল্লেখ করে তিনি বলেন, "জরুরি বিভাগ থেকে শুধু রোগীদের অন্য ওয়ার্ড কিংবা হাসপাতালে পাঠানোর কাজই করা হচ্ছে।"
তিনি জানান, বাংলাদেশের অ্যাম্বুলেন্সে কোনো স্বাস্থ্য টেকনিশিয়ান থাকে না। ফলে জরুরি রোগীর কোনো সমস্যা হলে জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্সে সেবা দেওয়া যায় না।
সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম বলেন, "এক হাসপাতালে শয্যা না পেয়ে অন্য হাসপাতালে রোগী নিয়ে যায় মানুষ। তারপরও সেবা পায় না।"
সেমিনারে সোসাইটির সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, বিশেষজ্ঞ চিকিৎসক অহিদুল আলম, জিয়াউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সহায়তায় এ সেমিনারের আয়োজন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২১৩২ ঘ.
bdnews24