ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব এইডস দিবস পহেলা ডিসেম্বর, বুধবার। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে।
১৯৮৮ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এইডস এর ভয়াবহতা সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৮৮ সালে ১ ডিসেম্বরকে বিশ্ব এইডস দিবস ঘোষণা করে।
সেই থেকে প্রতি বছর এই দিনে দিবসটি পালিত হয়ে আসছে।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, "মরণব্যাধি এইডস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। এইডস প্রতিরোধে এর কারণ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে সঠিক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আমি আশা করি, এইডস প্রতিরোধে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান সাধারণ জনগণকে সম্পৃক্ত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।"
পৃথক এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশে এইডস-এর সংক্রমণের হার অন্যান্য দেশের তুলনায় কম। এর প্রকোপ আরও হ্রাস করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে ইতোমধ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি দাতাগোষ্ঠী, বেসরকারি উন্নয়ন সহযোগী এবং সমাজের সর্বস্তরের মানুষকে এইচআইভি/এইডস প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।"
দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেমিনারের আয়োজন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/২২৫৫ ঘ.
bdnews24