রংপুর, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরে শীত বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে নিউমোনিয়া, ভাইরাস জ্বরসহ নানা রোগ বালাই।
গত দুদিনে নিউমোনিয়ায় আক্রান্ত তিন শিশুর মৃত্যু হয়েছে।
আক্রান্ত আরো অর্ধশতাধিক শিশু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
রংপুর আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়াবিদ আতিকুর রহমান সাংবাদিকদের জানান, মঙ্গলবার রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা আরো কমতে পারে বলেও জানান তিনি।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সোমবার ও মঙ্গলবার হাসপাতালে ৩ শিশু মারা গেছে। এরা সবাই নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছিলো।
মৃত শিশুরা হলো- দিনাজপুরের সন্তাপুর গ্রামের বাবু (২০ ঘণ্টা), কুড়িগ্রামের নাগেশ্বরী এলাকার আব্দুল্লাহ (৪০ দিন) ও রংপুর সদর এলাকার সামিউল (৩২ দিন)।
হাসপাতালের পরিচালক ডা. মানিক লাল জানান, নিউমোনিয়ায় আক্রান্ত অনেক শিশু ভর্তি হয়েছে।
পরিচালক জানান, শীতের কারণে এখন বিভিন্ন রোগ বালাই দেখা দেবে এটাই স্বাভাবিক। এ ব্যাপারে অভিভাবকদেরকে সচেতন হতে হবে।
রংপুর জেলার সিভিল সার্জন ডা. শাজাহান জানান, রংপুরে এখনো নিউমোনিয়া রোগ ব্যাপকভাবে দেখা দেওয়ার কোনো খবর তিনি জানেন না।
তবে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে নিউমোনিয়া, ভাইরাস জ্বর, এ্যাজমাসহ বিভিন্ন রোগ বালাই দেখা দিতে পারে বলে তিনি জানান।
জেলায় এখন পর্যন্ত সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ হয়নি।
রংপুর ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, শীতবস্ত্র বরাদ্দ দিতে মন্ত্রণালয়ে ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে। খুব শিগগিরই শীতবস্ত্র পাওয়া যাবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৬ ঘ.
bdnews24