ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল (জেবিএফএইচ) শনিবার চাঁদপুরে তৃণমূল পর্যায়ে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেবে।
চাঁদপুর সদরের বহরিয়া বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় কৃষক ও কৃষাণীসহ তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা বঞ্চিত কয়েক হাজার মানুষকে এ চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক মাহবুবুল আলম বাবু।
এ কর্মসূচিতে জেবিএফএইচ'র সঙ্গে রয়েছে চ্যানেল আই'র 'হৃদয়ে মাটি ও মানুষ' অনুষ্ঠানটি। চ্যানেল আই'র বার্তা প্রধান শাইখ সিরাজ, জেবিএফএইচ'র চেয়ারম্যান ডা. জোনাইদ শফিক ও ব্যবস্থাপনা পরিচালক ডা. সরদার এ নাঈম এ কর্মসূচিতে অংশ নেবেন।
এছাড়া বিভিন্ন রোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা এ চিকিৎসক দলে থাকবেন। তারা দিনভর হাসপাতাল চত্বরে পানি ও বায়ুবায়িত রোগ সর্দি-কাশি, ভাইরাল জ্বর, বক্ষব্যধি, পেটের পীড়া, ডায়রিয়া ও চর্মরোগসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২৩০০ঘ.
bdnews24