২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলাতঙ্ক প্রতিষেধক টিকায় ভর্তুকি দেবে সিসিসি

নগরীতে জলাতঙ্ক প্রতিষেধকের টিকাপ্রতি তিনশ ৫০ টাকা ভর্তুকি দেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)। বুধবার চসিকের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 04:11 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে জলাতঙ্ক প্রতিষেধকের টিকাপ্রতি তিনশ ৫০ টাকা ভর্তুকি দেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)। বুধবার চসিকের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। চসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীতে জলাতঙ্ক ভ্যাকসিনের চাহিদা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিসিসিকর জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গরিব মানুষ যাতে স্বল্পমূল্যে ভ্যাকসিন নিতে পারে সে লক্ষ্যে সিটি মেয়র মনজুর আলম ভর্তুকি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।" প্রাথমিক পর্যায়ে প্রতি ডোজ চারশ ৩০ টাকা দরে মোট এক লাখ ৯৩ হাজার পাঁচশ টাকার প্রতিষেধক কেনা হবে উল্লেখ করে তিনি জানান, শনিবার থেকে সিসিসি পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতাল ২ নম্বর ইউনিট থেকে নগরবাসীকে এসব প্রতিষেধক সরবরাহ করা হবে। প্রতিষেধক টিকা যিনি গ্রহণ করবেন তার কাছ থেকে প্রতি ডোজের জন্য ৮০ টাকা নেওয়া হবে। সাইফুদ্দিন জানান, পর্যায়ক্রমে মোট ১০ হাজার ভ্যাকসিন স্বল্পমূল্যে সরবরাহ করা হবে। এদিকে বুধবার সকালে ঊর্ধতন কর্মকর্তা, চিকিৎসক ও প্রকৌশলীদের সঙ্গে এক বৈঠকে নগরীর ১০টি ওয়ার্ডের পরিচ্ছন্নতা কার্যক্রম আউটসোর্সিংয়ের আওতায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সিটি মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নগরীর আবর্জনা অপসারণে আরো কয়েকটি নতুন আবর্জনাবাহী গাড়ি কেনারও সিদ্ধান্ত হয়। সভায় ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর-ই-এলাহী, ভারপ্রাপ্ত সচিব মমিনুর রশিদ আমিনসহ অন্যান্য বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/সিএম/এমসি/পিডি/২২০১ ঘ.