২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াইন ফ্লু ভাইরাস ছড়িয়ে পড়ছে

বাংলাদেশেও বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়া সোয়াইন ফ্লু ভাইরাসের (এইচ১এন১) বিস্তার ঘটছে। বুধবার নতুন করে আরও সাতজনের দেহে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এ নিয়ে দেশে সোয়াইন ফ্লু আক্রান্ত রোগীর সংখ্যা ১৬তে দাঁড়ালো। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 01:56 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদক ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশেও বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়া সোয়াইন ফ্লু ভাইরাসের (এইচ১এন১) বিস্তার ঘটছে। বুধবার নতুন করে আরও সাতজনের দেহে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এ নিয়ে দেশে সোয়াইন ফ্লু আক্রান্ত রোগীর সংখ্যা ১৬তে দাঁড়ালো। আইইডিসিআর এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোশতাক হোসেন বলেন, "এতে প্রমাণ হয় যে রোগটি ছড়িয়ে পড়ছে।" পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় নির্দেশনা দিতে দেশের সব সিভিল সার্জন ও স্বাস্থ্যঅধিদপ্তরের বিভাগীয় পরিচালকদের জরুরিভিত্তিতে বৃহস্পতিবার ঢাকায় আসতে বলা হয়েছে। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৮ জন সুস্থ হয়ে উঠেছেন বলে গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে। বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোশতাক হোসেন সোয়াইন ফ্লু ভাইরাস সম্পর্কে আরও সর্তকতামূলক পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। ইতিমধ্যেই সর্দি, কাশি ও গলাব্যাথাসহ জ্বর হলে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে (আইইডিসিআর)। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন করে পরীক্ষায় আরও সাতজনের দেহে ভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মঙ্গলবার রাতে তিনজন এবং বুধবার দুপুরের পর চারজনের পরীক্ষার ফল পাওয়া যায়। আক্রান্তদের সবার বয়স আড়াই থেকে ৪৬ এর মধ্যে। আইইডিসিআর পরিচালক জানান, এদের মধ্যে দশজন বিদেশ থেকে আসা। এরা মূলত যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে দেশে এসেছেন। অন্যরা দেশেই বিদেশ থেকে আসা রোগীদের সংস্পর্শে থেকে আক্রান্ত হয়েছেন। এক ঘটনায় একজনের থেকে তার পাঁচ আত্মীয় আক্রান্ত হয়েছে। ডা. মাহমুদুর রহমান বলেন, বৃহস্পতিবার দেশের সব সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালককে ঢাকায় আসতে বলা হয়েছে। তাদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হবে এবং এ রোগের বিস্তার রোধে করণীয় সম্পর্কে নির্দেশনা দেওয়া হবে। তিনি বলেন, কারও নাক দিয়ে পানি ঝরা, সর্দি, কাশি ও গলাব্যাথাসহ জ্বর হলে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আইইডিসিআর এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোশতাক হোসেন একে একে ১৬ জনে এ ভাইরাস সংক্রমিত হওয়ার কথা উল্লেখ করে বলেন, "এতে প্রমাণ হয় যে রোগটি ছড়িয়ে পড়ছে। সোয়াইন ফ্লু ভাইরাস সম্পর্কে আমাদের আরও সর্তকতামূলক পদক্ষেপ নিতে হবে।" ১৯ জুন দেশে প্রথম সোয়াইন ফ্লু আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়ার বিষয়টি জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশে বর্তমানে এ রোগটির বিস্তার ' লেভেল-১' পর্যায়ে রয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন স্থানে রোগী পাওয়া গেলে 'লেভেল-১' বলা হয়। এর পরের ধাপ হচ্ছে লেভেল-২। একস্থানে বা পরিবারে একাধিক রোগী পাওয়া গেলে লেভেল-২ ঘোষণা করা হয়ে থাকে। দেশের তিনটি বিমানবন্দর (ঢাকা, চট্টগ্রাম, সিলেট), দুটি সমুদ্রবন্দর (চট্টগ্রাম ও মংলা) এবং ১১টি স্থলবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে। এ পর্যন্ত বিদেশ থেকে আসা ৬০ হাজারের বেশি যাত্রীকে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে দেহ থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হয়েছে ৬০ জনের। বৈজ্ঞানিক কর্মকর্তা মোশতাক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সময়টা বাংলাদেশে 'ফ্ল'ু জাতীয় রোগ ছড়িয়ে থাকে। ঢাকা জনবহুল শহর। ঘনবসতি হওয়ার কারণে দ্রুত এ রোগ ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও এখান থেকে সারাদেশে ছড়াতে পারে।" মোশতাক হোসেন সিটি করপোরেশন এলাকাকে নিবিড়ভাবে ভাগ করে স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে কাজ করা দরকার বলে মত দেন। তবে বাংলাদেশে যে জীবাণুটি পাওয়া গিয়েছে তাতে মৃত্যুর হার বেশি নয় বলে ভরসা দেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ হিসেবে, বিশ্বের ৭০টির বেশি দেশে সোয়াইন ফ্লু-তে আক্রান্তের সংখ্যা ৭০ হাজারেরও বেশি। মারা গেছে ৩১১ জন। শুধু যুক্তরাষ্ট্রেই ১২৭ জন মারা গেছে। প্রথম উপদ্রুত দেশ মেক্সিকোতে মারা যায় শতাধিক। গত ১১ জুন সোয়াইন ফ্লু-কে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উচ্চ তাপমাত্রার জ্বর, কাশি, কফ এ রোগের লক্ষণ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই ভাইরাস ছড়ায় বলে বিশেষজ্ঞরা জানান। যত্রতত্র কফ, থুথু না ফেলা ও সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২২০৮ঘ.