ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দরিদ্র মানুষের কাছে কম খরচে সহজ ও সর্বাধুনিক রোগ নির্ণয় প্রযুক্তি পৌঁছে দিতে বাংলাদেশের বাজারে তিনটি যন্ত্র ছাড়তে যাচ্ছে জেনারেল ইলেকট্রিক (জিই) হেলথকেয়ার।
শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয় ভারতভিত্তিক প্রতিষ্ঠান জিই হেলথ কেয়ার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জিই হেলথকেয়ার বাংলাদেশে "হেলথিমাজিনেশন" নামের একটি স্বাস্থ্য উন্নয়নমূলক কর্মসূচি চালাবে। গ্রামীণ হেলথকেয়ার এর সহযোগিতায় তারা ৩ টি "গ্রামীণ কল্যাণ ক্লিনিক" স্থাপন করবে। এসব ক্লিনিকগুলোতে খরচ হবে তুলনামূলকভাবে কম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ এশীয় জিই হেলথকেয়ারের প্রেসিডেন্ট এবং সিইও ভি রাজা, জিই হেলথকেয়ার সিস্টেমস এর প্রেসিডেন্ট এবং সিইও ওমর ইশরাক এবং জিইএমএস বাংলাদেশ এর জেনারেল ম্যানেজার ফররুখ আলম।
সংবাদ সম্মেলনে ভি রাজা বলেন, "কম খরচে যেন জনগণের কাছে উন্নততর সেবা পৌঁছে দেওয়া যায় সেজন্য পরবর্তী ৬ বছরে গবেষণা কাজে ৩ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবে কোম্পানিটি। জিই বাংলাদেশে 'দি ম্যাক ৪০০', 'লালাবাই বেবি ওয়ারমার' এবং 'লজিক পি-৩' নামের ৩টি নতুন প্রযুক্তির প্রচলন করতে যাচ্ছে।"
তিনি জানান, দি ম্যাক ৪০০ হলো সস্তা কিন্তু সর্বাধুনিক ইলেকট্রোকার্ডিওগ্রাফ (ইসিজি)। ব্যাটারিচালিত ও সহজে বহনযোগ্য এই যন্ত্রটি বহন করে প্রত্যন্ত গ্রামে গিয়ে রোগ নির্ণয় সম্ভব।
লালাবাই বেবি ওয়ারমার এক ধরণের হিটার সম্বলিত বিছানা যার মাধ্যমে জন্ম পরবর্তী সময়ে শিশুর দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে অকাল মৃত্যু রোধ করা সম্ভব।
লজিক পি-৩ সহজ বহনযোগ্য অথচ খুবই শক্তিশালী আলট্রা সাউন্ড ইমেজিং সিস্টেম।
জিই হেলথকেয়ার সিস্টেমস এর প্রেসিডেন্ট এবং সিইও ওমর ইশরাক বলেন, "গ্রামীণ ব্যাংকের সঙ্গে জোট বেধে শিশুর জন্ম এবং গর্ভধারণ জটিলতা সংক্রান্ত মৃত্যু রোধে অগ্রণী ভূমিকা রাখতে ইচ্ছুক জিই হেলথকেয়ার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩৫৫ঘ .
bdnews24