২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ মে থেকে শিশুদের খাওয়ানো হবে ভিটামিন 'এ' ক্যাপসুল

সারাদেশে এক থেকে পাঁচ বছর বয়সী এক কোটি ৯০ লাখ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। এ ছাড়া দুই থেকে পাঁচ বছর বয়সী এক কোটি ৭০ লাখ শিশুকে খাওয়ানো হবে কৃমিনাশক ট্যাবলেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2008, 11:31 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে এক থেকে পাঁচ বছর বয়সী এক কোটি ৯০ লাখ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। এ ছাড়া দুই থেকে পাঁচ বছর বয়সী এক কোটি ৭০ লাখ শিশুকে খাওয়ানো হবে কৃমিনাশক ট্যাবলেট। এ লক্ষ্যে আগামী ১০ মে থেকে সারাদেশে 'জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০০৮' শুরু হবে। স্বাস্থ্য উপদেষ্টা এএমএম শওকত আলী বৃহস্পতিবার "জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০০৮' এর উদ্বোধন শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলানায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরেন। এর আগে সকালে র‌্যালি ও শিশুদের ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। স্বাস্থ্য উপদেষ্টা এএমএম শওকত আলী জানান, ১৯৭৩ সালে রাতকানা রোগীর সংখ্যা ছিল তিন দশমিক ৭৬। এই কর্মসূচির ফলে ২০০২ সালের হিসেবে রাতকানা রোগীর সংখ্যা শূন্য দশমিক ২১-এ নেমে আসে। এই কর্মসূচিকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলার আহ্বানও জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য অদিপ্তরের মহাপরিচালক অধ্যাপক এমএ ফয়েজ ভিটামিন 'এ' ক্যাপসুলের বিভিন্ন উপকারিতা তুলে ধরেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ফাতেমা পারভীন চৌধুরী, স্বাস্থ্য সচিব একেএম জাফর উল্লা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এমএ ফয়েজ, পরিবার কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক কামরুন নেসা খানম, প্রাথমিক স্বাস্থ্য সেবার পরিচালক ডা. সালেহ মো. রফিক, ইউনিসেফের স্থানীয় প্রতিনিধি ড. লিওরলুমুন উহা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্থানীয় প্রতিনিধি ড. দুআঙভাদি সুঙখোবল প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এএল/এমএ/১৭২৫ ঘ.