ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডায়রিয়া প্রতিরোধে গণসচেতনতা তৈরিতে ব্যাপক প্রচারণা চালানোর ওপর জোর দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। ২০১০ সালের মধ্যে দেশে একশ ভাগ স্যানিটেশনের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়েও আশাবাদী তিনি।
শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে আনোয়ারুল ইকবাল বলেন, "দেশে প্রতিবছর প্রায় এক লাখ ২৫ হাজার শিশু ডায়রিয়ায় মারা যায়। আক্রান্ত হয়েও যারা বেঁচে যায়; তারা পুষ্টিহীনতা, শারিরীক ও মানসিক সমস্যায় ভোগে। তাই ডায়রিয়ার কারণগুলো সম্পর্কে গণসচেতনতা সৃষ্টিতে ব্যাপকভাবে প্রচারাভিযান চালাতে হবে।"
আন্তর্জাতিক স্যানিটেশন বর্ষ, বিশ্ব পানি দিবস ও জাতীয় হাত ধোয়া প্রচারাভিযান উপলক্ষে ওই অনুষ্ঠান আয়োজন করা হয়। এনজিও ফোরাম, ডিএফআইডি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু), ইউনিসেফ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল ইকবাল বলেন, ডায়রিয়া ও স্যানিটেশন সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে জাতীয় হাত ধোয়া প্রচারাভিযান শুরু হচ্ছে। যা মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে সাহায্য করবে।
উপদেষ্টা জানান, ২০১৫ সালের মধ্যে ১০০ শতাংশ স্যানিটেশনের যে লক্ষ্যমাত্রা জাতিসংঘ বেঁধে দিয়েছে, বাংলাদেশ সরকার তার আগেই ২০১০ সালের মধ্যে তা অর্জনে কাজ করে যাচ্ছে।
নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণের আশা প্রকাশ করে আনোয়ারুল ইকবাল বলেন, "২০০৩ সালে ৩৩ দশমিক ২১ শতাংশ স্যানিটেশন কাভারেজ এলাকা নিয়ে কাজ শুরু করে সরকার এখন পর্যন্ত ৮৫ শতাংশ স্যানিটেশন কাভারেজ অর্জনে সক্ষম হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।"
এক্ষেত্রে সরকারি ও বেসরকারি পর্যায়ের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব শেখ খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিসেফ'র পানি ও পরিবেশ বিষয়ক শাখার প্রধান পল এডওয়ার্ডস, ডিএফআইডি'র বাংলাদেশ প্রধান ক্রিশ অস্টিন, এনজিও ফোরামের নির্বাহী পরিচালক এসএমএ রশিদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মজিবর রহমান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি অ্যান্ড্রু ড্রাভিড।
অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বক্তব্য পড়ে শোনান জাতিসংঘ তথ্য কেন্দ্রের (ইউএনআইসি) প্রধান কাজী আলী রেজা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭১৭ ঘ.
bdnews24