২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালগুলোতে 'ডায়রিয়া কর্নার' স্থাপনের সিদ্ধান্ত

বন্যায় ডায়রিয়া আক্রান্তদের জরুরি চিকিৎসার জন্য দেশের সব সরকারি হাসপাতালে বিশেষ 'ডায়রিয়া কর্ণার' স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একইভাবে সব বেসরকারি হাসপাতালেও ডায়রিয়া কর্ণার স্থাপনে মন্ত্রণালয়ের পক্ষ পরামর্শ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2007, 11:28 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বন্যায় ডায়রিয়া আক্রান্তদের জরুরি চিকিৎসার জন্য দেশের সব সরকারি হাসপাতালে বিশেষ 'ডায়রিয়া কর্ণার' স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একইভাবে সব বেসরকারি হাসপাতালেও ডায়রিয়া কর্ণার স্থাপনে মন্ত্রণালয়ের পক্ষ পরামর্শ দেওয়া হয়েছে। সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা ডা. এএসএম মতিউর রহমান এ তথ্য জানান। সাংবাদিকদের তিনি বলেন,"বৈঠকে বন্যার সময় নানা অজুহাতে ওষুধের দাম না বাড়ানোর জন্যও শিল্প মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কোন কারণে ওষুধের দাম যাতে না বাড়ে তা পর্যবেক্ষণ করতে স্বাস্থ্য অধিদপ্তর ও যৌথবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে।" মতিউর রহমান বলেন, "দেশের বিভিন্ন স্থানে বর্তমানে বিশেষায়িত বেশ কিছু হাসপাতাল রয়েছে। যেখানে শুধু একটি রোগেরই চিকিৎসা হয়। ফলে স্থানীয় লোকজন সেখান থেকে জরুরি চিকিৎসা নিতে পারছে না।" বন্যার্তদের সুবিধার্থে এসব হাসপাতালেও শিশুসহ অন্যদের ডায়রিয়ার চিকিৎসার ব্যবস্থা করা হবে। সরকারি হাসপাতালগুলোর পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতেও যেন এ সুযোগ সৃষ্টি করা হয়, সেজন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে বলে জানান উপদেষ্টা। উপদেষ্টা বলেন, বিভিন্ন হাসপাতালে রোগীদের চিকিৎসা নিতে বাইরে থেকে ওষুধ কিনতে হয়। ওইসব হাসপাতালে সাধারণ চিকিৎসার জন্য যেনো কোন ওষুধ কিনতে না হয়, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ওইসব হাসপাতালে প্রতিদিনের চাহিদা মতো ওষুধ সরবরাহ করা হবে। তবে এজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দৈনন্দিন চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে। উপদেষ্টা ডা. এএসএম মতিউর রহমানের সভাপতিত্বে ওই বৈঠকে ওষুধ শিল্প সমিতির নেতারা ছাড়াও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, স্বাস্থ্যসচিব একেএম জাফরউল্লাহ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমএইচবি/১৭১৮ ঘ.