২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত মেদের কারণে ক্যান্সার হতে পারে

অতিশয় স্থুলতা শরীরে জন্য ক্ষতিকর এটা সবাই জানেন। তবে এর জন্য যে ক্যান্সার হতে পারে তা হয়তো অনেকেই জানেন না। সম্প্রতি বিশেষজ্ঞরা জানিয়েছেন শরীরের অতিরিক্ত মেদ থেকে হতে পারে ক্যান্সার। লন্ডনের একটি পত্রিকা জানিয়েছে এ খবর। গবেষকরা বলেন যে, স্থুলতা শরীরে মেদ পুঞ্জীভূত করে। যা উচ্চরক্তচাপ বা ডায়াবেটিস জাতীয় রোগকে দীর্ঘস্থায়ী করে। এর পরিণতি হতে পারে ভয়াবহ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 07:19 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

ওয়ার্ল্ড ক্যান্সার রিসার্চ ফান্ড এর ক্যানসার বিশেষজ্ঞ, বিজ্ঞানী ও গবেষণা ব্যবস্থাপক গ্রেগ মার্টিন বলেন, “স্থুলতার কারণে শরীরে অনেক অসুবিধাই হতে পারে, তবে এর জন্য যে ক্যান্সার হতে পারে এটা অনেকেই জানেন না।”

তিনি জানান, এর জন্য হরমোনজনিত অনেক ক্যান্সার যেমন, স্তন ক্যান্সার, জরায়ুর ক্যান্সার হতে পারে। এছাড়াও খাদ্যনালীর ক্যান্সারসহ দেহের অভ্যন্তরে বিভিন্ন অঙ্গও ক্যান্সারে আক্রান্ত হতে পারে।

মার্টিন বিশ্বাস করেন, স্থুলতার কারণে তৈরী মেদবহুল কোষ বা টিস্যুই ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। কারণ এটা পাকস্থলীর আশেপাশে মেদ জমতে সাহায্য করে। যা থেকে তৈরী হয় ক্যান্সার উৎপন্ন করার উপাদান কারসিনোজেনিক হর্মোন।

তিনি আরো বলেন, “তবে ব্যাপার হচ্ছে, খাদ্যাভ্যাস ও জীবনধারা একটু পরিবর্তন করলেই মেদ থেকে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমানো যায়। প্রতিদিন পুষ্টিকর খাদ্য গ্রহণ আর কিছু ব্যায়াম মানুষকে স্থুলতা থেকে সহজেই রক্ষা করে।”

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু) এবং ইন্টারন্যাশনাল ওবেসিটি টাস্কফোর্স (আইওটিএফ) এর তথ্য অনুসারে জানা যায়, স্থুলতা বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করতে চলেছে। বিশ্বব্যাপী বর্তমানে মাত্রাধিক ওজনের প্রায় এক বিলিয়ন মানুষ আছে। তাদের মধ্যে তিনশ মিলিয়নই স্থুল দেহের অধিকারী।