বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারের জন্য নতুন আইন হচ্ছে
বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের জন্য নতুন আইন তৈরির প্রস্তুতি চলছে। আইনটি তৈরি হয়ে গেলে তা অধ্যাদেশ আকারে জারি করা হবে। “বেসরকারি চিকিৎসা সেবা অধ্যাদেশ ২০০৭” প্রণয়নের জন্য দশ সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বর্তমানে ২৫ বছরের পুরনো আইন দিয়ে চলছে দেশের ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো। মাঝে ২০০৩ ও ২০০৪ সালে দুই দফা নতুন আইন তৈরির উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “বেসরকারি চিকিৎসা সেবা আইন-২০০৩ এবং সংশোধিত বেসরকারি চিকিৎসা সেবা আইন-২০০৪ এর খসড়া পরিমার্জন করে নতুন খসড়া তৈরির জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে ২৪ এপ্রিল দশ সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ অনুসারে সরকার নতুন আইন অধ্যাদেশ আকারে জারি করবে। কমিটি শিগগিরই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে।”
নতুন আইন প্রণয়নের জন্য গঠিত পর্যালোচনা কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “বেসরকারি চিকিৎসাকেন্দ্রগুলোর সার্বিক কর্মকাণ্ড সুশৃঙ্খলভাবে পরিচালনা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ফি আদায়ের সীমা-রেখা নির্দিষ্ট করে দেওয়া হবে। বিভিন্ন প্রতিষ্ঠান একই পরীক্ষার জন্য বিভিন্ন ফি নেয়। বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসা ব্যয় সরকারি হাসপাতালের ফির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং জনসাধারণের আওতার মধ্যে রাখতেও ব্যবস্থা নেওয়া হবে। ছোটো ক্লিনিক থেকে বড় হাসপাতাল সবই এ আইনের আওতায় আনা হবে। ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসকদের কমিশন নেওয়া নিষিদ্ধ করা হবে। সেবার মান নিশ্চিত করতে কোনো কিছুতেই আপোষ করা হবে না।”
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ডা. এ এস এম মতিউর রহমান আইন তৈরির বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “শিগগিরই বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের জন্য নতুন আইন প্রণয়নের কাজ শুরু হবে। কাজ শেষ হলেই নির্ধারিত প্রক্রিয়া মেনে তা বাস্তবায়ন করা হবে।”
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও কমিটির সদস্য ডা. শাহজাহান বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “পুরনো দুটি খসড়া পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি অচিরেই বসবে। একটি সময়োপযোগী আইন তৈরি করা হবে।”
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক এক কর্মকর্তা জানান, জোট সরকারের আমলে বেসরকারি চিকিৎসা ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। বেসরকারি চিকিৎসা সেবা আইন ২০০৩ এর খসড়া আইন মন্ত্রণালয় থেকে মন্ত্রিসভায় পাঠানো হলেও তা আর সংসদে উত্থাপন করা হয়নি। প্রস্তাবিত আইন সংশোধন করে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। পরের বছর বেসরকারি চিকিৎসা সেবা আইন-২০০৪ এর খসড়া তৈরি করা হলেও নতুন আইন তৈরির কার্যক্রম হঠাৎ করেই থমকে যায়। আইনের কয়েকেটি ধারা নিয়ে চিকিৎসকদের চাপের কারণে জোট সরকার বিষয়টি সংসদে উত্থাপন করতে পারেনি।
চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এম এ হাদী এ প্রসঙ্গে বলেন, “এ ব্যাপারে সরকারের ওপর আমাদের কোনো চাপ ছিল না। কয়েকটি ধারা নিয়ে দ্বিমত ছিল। আমরা সরকারকে সেগুলো সংশোধন করতে বলেছিলাম।”
তিনি জানান, বিদেশি চিকিৎসকদের এদেশে প্র্যাকটিস করা এবং চিকিৎসাকালে রোগীর মৃত্যু সংক্রান্ত দুটি ধারা সংশোধন করতে বলেছিলেন তারা।
বর্তমান আইনে বিএমডিসির অনুমতি ছাড়া কোনো বিদেশি চিকিৎসক এদেশে প্র্যাকটিস করতে পারেন না। কেবল সরকারি হাসপাতাল ও মিশনারি হাসপাতালে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করতে পারেন।
বেসরকারি ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ড. মনিরুজ্জামান বলেন, ১৯৮২ সালের পর কোনো আইন হয়নি। গত দুটি সরকারের সময় পুরনো আইন সংশোধন করে নতুন আইন করার কথা ছিল। তা হয়নি। কেন হয়নি তা গত সরকার এবং যারা চাপ দিয়েছিলেন তারাই বলতে পারবেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে অনেক বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ওপর সরকারের সরাসরি কোনো নিয়ন্ত্রণ নেই। এসব প্রতিষ্ঠানের স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুমোদন নেওয়ার বিধান থাকলেও অধিকাংশ প্রতিষ্ঠানেরই অনুমোদন নেই। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর যৌথবাহিনীর অভিযান শুরু হলে প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনুমোদন নেওয়ার হিড়িক পড়ে যায়। অধিদপ্তর থেকে নিয়মিত এসব ক্লিনিক হাসপাতাল পরির্দশনের নিয়ম থাকলেও তা মানা হয় না। “দি মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স-১৯৮২” এখন আর তেমনভাবে প্রয়োগও করা হয় না।
