২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে ভুয়া ইনসুলিন ট্যাবলেট

হোমিওপ্যাথিক ইনসুলিন ট্যাবলেট নামে ভুয়া ইনসুলিন বাজারে ছাড়ছে এক শ্রেণীর ব্যবসায়ী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

কামরান রেজা চৌধুরী,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 02:22 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

ন্যাশনাল ফার্মা নামে একটি প্রতিষ্ঠান করছে এ কাজটি। প্রতিষ্ঠানটি দাবি করেছিল, তাদের উৎপাদিত হোমিওপ্যাথিক ইনসুলিন ৩ী ট্যাবলেটটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই কার্যকর। কিন্তু ওই ট্যাবলেটের নমুনা পরীক্ষা করে সরকারের জনস্বাস্থ্য ইন্সটিটিউট জানিয়েছে, এটা পুরোপুরিই ভুয়া ট্যাবলেট। তাদের প্রতিবেদনে ভুয়া ওষুধ তৈরির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, “তথাকথিত হোমিওপ্যাথিক ইনসুলিন ব্যবহারে ডায়াবেটিক রোগীরা কোনও উপকারই পাচ্ছেন না। বরং এর মাধ্যমে প্রতারিত হচ্ছেন।”

এতে আরও বলা হয়, “ইনসুলিন ট্যাবলেট তৈরিতে ১৯৯৫ সালে কেনা কাঁচামাল ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। অথচ এ ধরনের কাঁচামালের সর্বোচ্চ কার্যকারিতা থাকে দুই বছর। আর হোমিও ফার্মাকোপিয়ার স্টান্ডার্ড মেনেই ট্যাবলেট তৈরি করা হয়েছে বলে জানালেও ব্রিটিশ না ভারতীয় কোন ধরনের স্টান্ডার্ড মানা হয়েছে তার কোনও উল্লেখ করেনি প্রতিষ্ঠানটি।”

সরকারের একজন ওষুধ বিশ্লে¬ষক বলেন, “দুই থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ইনসুলিন সংরক্ষণ করতে হয়। অথচ এ ওষুধের লেভেলে এ ধরনের কোনও নির্দেশনা নেই। এমনকি ওষুধ তৈরি এবং মেয়াদোত্তীর্ণের তারিখও উল্লে¬খ নেই।”

এ প্রসঙ্গে ওষুধ প্রশাসনের পরিচালক অধ্যাপক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিষ্ঠানটি মেয়াদোত্তীর্ণ কাঁচামাল দিয়ে ওষুধ তৈরি করছে। বিষয়টি খতিয়ে দেখে অবশ্যই ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”