ফরিদপুরে অজ্ঞাত রোগ এখনও সনাক্ত করা যায়নি
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদীপুর উচ্চ বিদ্যালয়ের কোনও ছাত্রী গত ২৪ ঘন্টায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়নি। তবে ফরিদপুরের চিকিৎসকরা ৭২ ঘন্টায়ও অজ্ঞাত রোগটি সনাক্ত করতে পারেননি।
ফরিদপুর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, অজ্ঞাত রোগে আক্রান্ত ১৫ জন ছাত্রীর মধ্যে শুক্রবার পর্যন্ত ১১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে সেখানে কেয়া (১৫), শিল্পী (১৩) ও রুমা (১৩) নামের তিনজন চিকিৎসাধীন রয়েছে।
অপর স্কুল ছাত্রী ফারজানার (১৪) এখনও সম্পূর্ণভাবে জ্ঞান না ফেরায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে।
ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল বৃহস্পতিবার সাদীপুর স্কুলসহ আলিয়াবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করে এ রোগ সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মতিয়ার রহমান জানান, অজ্ঞাত রোগটি এখনও সনাক্ত করা সম্ভব হয়নি। তবে গত ২৪ ঘন্টায় নতুন করে কেউ আক্রান্ত হয়নি।
গত সোমবার স্কুলে রক্ত পরীক্ষার পরদিন মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিনে সাদীপুর স্কুলের ১৫ জন ছাত্রী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়। তারা প্রথমে মাথা ধরার কথা বলে এবং পরক্ষণেই জ্ঞান হারিয়ে ফেলে। এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকায়।
