ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এইডস বা এইচআইভি ভাইরাস সংক্রমণ রোধে সরকারকে যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে এইডস আক্রান্তদের প্রতি সমাজের সবাইকে সহানুভূতিশীল হওয়ার ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতেও সরকারকে উদ্যোগী হতে হবে।
সোমবার সকালে 'এইচআইভি/এইডস প্রকল্প পর্যবেক্ষণ নির্দেশক' বিষয়ে ব্র্যাক সেন্টার ইনে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বক্তারা এসব বলেন।
এ সময় বিভিন্ন পেশার বিশেষকরে সাংবাদিক, চিকিৎসক ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা তাদের বক্তৃতায় এইডস আক্রান্তদের চিকিৎসা সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অধ্যাপক নজরুল ইসলাম বলেন, "সরকারকে আক্রান্তদের প্রত্যেকের বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকার নিশ্চিত করার ব্যাপারে সচেষ্ট হতে হবে। আমরা তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে না পারলে তাদের কাছ থেকে অন্য কেউ আক্রান্ত হতেই থাকবে। আর এ রকম ঘটলে তা হবে ভয়াবহ।"
তিনি আরো বলেন, "আক্রান্তদের সংকোচ ভুলে লোকচক্ষুর আড়াল থেকে বের হয়ে আসতে হবে।"
বৈঠকে এইডস বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সংবাদ মাধ্যমকে সামাজিক দায়বদ্ধতা থেকে দায়িত্ব পালনেরও আহ্বান জানান বক্তারা।
বাংলাদেশ মহিলা স্বাস্থ্য জোটের ড. জুলিয়া আহমেদ বলেন, "সংবাদ মাধ্যমকে সমাজের চোখের সঙ্গে তুলনা করা হয়; একমাত্র তারাই লেখনির মাধ্যমে সবার সামনে বাস্তব চিত্র তুলে ধরতে পারে।"
তিনি এইডস বিষয়ে এক সমীক্ষা উপস্থাপন করে বলেন, "আক্রান্তের হিসেবে বাংলাদেশ এখনো অনেকটা কম ঝুঁকিপূর্ণ দেশ। তবে কয়েক বছর আগের এক সমীক্ষায় দেখা গেছে এদেশে যৌন কর্মী , ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণকারী, পেশাদার রক্তদাতাদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়ছে।"
ড. জুলিয়া আহমেদ জানান, সরকার দাতা গোষ্ঠীর কাছ থেকে এইডস/এইচআইভি চিকিৎসা খাতে বিরাট অঙ্কের সাহায্য পেয়েছে। সংবাদ মাধ্যমগুলোর উচিত এই অর্থ উপযুক্ত স্থানে ব্যবহার হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা।"
ইউএনএইডস এর বাংলাদেশে নিযুক্ত পরামর্শক ড. লাজিনা মুনা বলেন, "বাংলাদেশ সরকার সহস্রাব্দির উন্নয়ন লক্ষ বাস্তবায়নে কয়েকটি বেশ চুক্তিতে স্বাক্ষর করেছে। ওইসব চুক্তিতে উল্লেখ ছিল- ২০১০ সাল নাগাদ দেশে এইচআইভি/এইডস প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা ও আক্রান্তদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে। সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে এ ব্যাপারে সংবাদ মাধ্যমগুলোকে পরামর্শকের ভূমিকা পালন করতে হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এনএইচ/এএল/এমএ/১৮৫১ঘ.
bdnews24