২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এইচআইভি সংক্রমিতের হারের পাশাপাশি চিকিৎসা নেয়ার প্রবণতাও বাড়ছে

বৃহত্তর চট্টগ্রামে এইচআইভি সংক্রমিত ব্যক্তির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে চিকিৎসা নেয়ার প্রবণতাও। ঝুঁকিপূর্ণ এ জীবাণু সনাক্ত হওয়ার পর আগের মতো লোক লজ্জায় আড়ালে না থেকে আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসা নেয়ার জন্য এখন নিয়মিত চিকিৎসক এবং সহযোগিতা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আসছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক ও সাহায্যকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2007, 11:49 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

মিন্টু চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, নভেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বৃহত্তর চট্টগ্রামে এইচআইভি সংক্রমিত ব্যক্তির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে চিকিৎসা নেয়ার প্রবণতাও। ঝুঁকিপূর্ণ এ জীবাণু সনাক্ত হওয়ার পর আগের মতো লোক লজ্জায় আড়ালে না থেকে আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসা নেয়ার জন্য এখন নিয়মিত চিকিৎসক এবং সহযোগিতা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আসছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক ও সাহায্যকর্মীরা। ভৌগলিক অবস্থান এবং বিদেশ গমনের হার তুলনামুলক বেশি হওয়ায় এইচআইভি সংক্রমণের জন্য চট্টগ্রামকে দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে বিবেচনা করা হচ্ছে বলে মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রামে এইচআইভি (হিউমেন ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস) আক্রান্তদের সম্পর্কে সরকারি কোনো পরিসংখ্যান নেই। তবে বিভিন্ন সংস্থা ও চিকিৎসকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে বৃহত্তর চট্টগ্রামে ২০০৩ সাল থেকে এ পর্যন্ত ১৬১ জন এইচআইভি সংক্রমিত ব্যক্তি সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে এইডস হয়েছে প্রায় ৫০ জনের এবং এ সময় এইডসে ২০ জনেরও বেশি মারা গেছেন। তবে সংশ্লিষ্টরা মনে করেন, সামগ্রিকভাবে এ সংখ্যা অনেক বেশি এবং এ সংখ্যা বাড়ছে। এইডস বিশেষজ্ঞ হিসাবে পরিচিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের প্রধান অধ্যাপক ডা. সিরাজ জানান, ২০০৩ থেকে এ বছরের নভেম্বর পর্যন্ত প্রায় ৫০ জন এইচআইভি আক্রান্ত রোগী চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। তিনি জানান, চট্টগ্রামের রাউজানে ১৯৯০ সালে প্রথম এইচআইভি আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া যায়। এরপর থেকে চট্টগ্রামে কতজন এতে আক্রান্ত হয়েছেন তার কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে ২০০২ সাল পর্যন্ত প্রায় ৭৫ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। তিনি বলেন, "চট্টগ্রামে আক্রান্তদের অধিকাংশই বিদেশ ফেরত এবং অনিরাপদ যৌন সম্পর্কের কারণে তাদের দেহে এ ভাইরাসের সংক্রমণ হয়েছে এবং দেশে ফিরলে তাদের মাধ্যমে স্ত্রী ও সন্তানদের মধ্যে এ জীবাণু সংক্রমিত হয়।" চট্টগ্রামে এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের সংখ্যা বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, আগে যেখানে দুই থেকে তিনমাস অন্তর একজন আক্রান্ত ব্যক্তি সনাক্ত হতো, সেখানে গত দুই মাসে সনাক্ত হয়েছে পাঁচ জন। এ হার গত কয়েক বছরের তুলনায় বেশি। ডা. সিরাজ জানান, সচেতনতা বাড়ায় অনেক বেশি সংখ্যক এইচআইভি-এইডস আক্রান্তরা চিকিৎসা সেবা নিতে আসছেন। লোক লজ্জায় তারা আগের মতো আড়ালে থেকে মৃত্যু কষ্টে ধুকছেন না। তিনি জানান, চট্টগ্রাম দেশের প্রধান সমুদ্র বন্দর এবং কক্সবাজারের সঙ্গে মায়ানমারের অরক্ষিত সীমান্ত থাকায় বৃহত্তর চট্টগ্রাম এ ভাইরাস সংক্রমণের জন্য চরম ঝুঁকিতে অবস্থান করছে। এইচআইভি সংক্রমিক ব্যক্তিদের নিয়ে চট্টগ্রামে চার বছর ধরে কাজ করছে আশার আলো সোসাইটি নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এ প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী, ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে এইচআইভি আক্রান্তদের মধ্যে ১১১ জন তাদের সহযোগিতা নিয়েছেন। এদের মধ্যে ৬৮ জন পুরুষ, ৩৩ জন নারী ও ১০ জন শিশু। সংস্থাটি এইচআইভি আক্রান্তদের থেকে নানাপ্রকার চিকিৎসা সেবা প্রদান এবং তাদের মানসিক স্তর বিকাশে কাজ করে থাকে। সংস্থার বিভাগীয় সমন্বয়কারী নাজমা বেগম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের কেন্দ্রে চিকিৎসা সেবা নেয়ার পর আক্রান্ত ব্যক্তিরা আগের চেয়ে মানসিকভাবে এখন অনেক ভালো আছেন। তারা নতুন করে ঝুঁকিপূর্ণ যৌন সম্পর্কে না জড়নোর ফলে সংক্রমণের সংখ্যা কমছে। তিনি জানান, এ সংস্থায় সাহায্য নিতে আসা এইচআইভি আক্রান্তদের অধিকাংশই বিদেশ ফেরত। নিজেদের অজ্ঞাতে বিদেশে অনিরাপদ যৌন সম্পর্কের কারণে তারা রোগের জীবাণু বহন করেছেন। এইচআইভি সংক্রমণ রোধে প্রবাসীদের বিদেশে যাওয়ার পূর্বে এ সম্পর্কিত পরামর্শ দেওয় জরুরি এবং সরকারের তরফ থেকেই এ উদ্যোগ নিতে হবে বলে তিনি উল্লেখ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/টিএইচ/এমআই/১৭৪৩ ঘ.