২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ভাইরাস সংক্রমণে আরও পাঁচজনের মৃত্যু

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় ভাইরাস সংক্রমণে পাঁচ শিশু বৃহস্পতিবার অজ্ঞাত রোগে মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 01:30 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

সিলেট, নভেম্বর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় ভাইরাস সংক্রমণে পাঁচ শিশু বৃহস্পতিবার অজ্ঞাত রোগে মারা গেছে। উপজেলার কাঁঠালবাড়ি গ্রামের লাকি আক্তার (৬), মোমেনা বেগম (৫), তানিয়া বেগম (৭) ও টুকেরগাঁও গ্রামের সোহেল মিয়া (৫) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এছাড়া, হাসপাতালে আনার পথে মারা যায় কাঁঠাল বাড়ি গ্রামের আসিয়া বেগম (৬)। এ নিয়ে জাফলং ইউনিয়নে নয় জনসহ এ পর্যন্ত ১৪ জন এ সংক্রমণে মারা গেল। জেলা সিভিল সার্জন এ জেড মাহবুব আহমদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা অনুমান করছি 'ভাইরাল এনকেপ্যালাইটিস' রোগে আক্রান্ত হয়ে এরা মারা গেছে। সঠিকভাবে রোগটি নির্ণয়ের জন্য পরীক্ষা চলছে।" এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এম এ মালেক ঘটনাস্থল পরিদর্শন করে পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করে ঢাকা নিয়ে গেছেন। ফিরে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের কাছে রোগের বিষয়ে কোনো মন্তব্য করতে চান নি। উল্লেখ্য গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের লাঠি গ্রামে গত শনিবার থেকে ডায়রিয়া ধরনের এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। প্রথমে ডায়রিয়া মনে করা হলেও স্থানীয় চিকিৎসকরা পরে জানান, এটি ডায়রিয়া নয়, ভাইরাস সংক্রমণ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/১৯০৮ ঘ.