নোয়াখালী, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় টিকা দিবসে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের অনেক শিশুকে পোলিও টিকা খাওয়ানো হয়নি। প্রয়োজনীয় টিকার অভাবেই এমনটি হয়েছে বলে দাবি করেছেন উপজেলা স্বাস্থ্য সহকারী।
চর জব্বার ইউনিয়নের টিকাদান কেন্দ্র চরহাসান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহাম্মদ, সহকারী শিক্ষক নুরুল আলম, জহুরা বেগমসহ স্থানীয়রা জানান, সেখানকার স্বাস্থ্য সহকারী আনোয়ার উল্যা দুপুর ১২টার দিকে পোলিও টিকার ব্যানার ও সরঞ্জাম নিয়ে চলে যান।
এলাকার কয়েকশ অভিভাবক শিশুদের নিয়ে বিকেল পর্যন্ত কেন্দ্রে অপেক্ষা করলেও তিনি আর ফিরে আসেননি।
এ ব্যাপারে স্বাস্থ্য সহকারী আনোয়ার উল্যা জানান, পোলিও টিকা শেষ হয়ে যাওয়ায় তিনি চলে এসেছেন।
অবশ্য সুবর্ণচর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হোসেন চৌধুরী দাবি করেছেন, টিকা শেষ হয়ে যাওয়ার কথা তাকে জানানো হয়নি। বিষয়টি জানা গেলে দ্রুত পোলিও টিকা সরবরাহ করা যেত।
এ ব্যাপারে নোয়াখালী সিভিল সার্জন ডা. কামাল উদ্দিন জানান, বিষয়টি তার জানা নেই। তবে ঘটনা সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২০০২ ঘ.
bdnews24