২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকায় পেয় জলের বিপদ

মার্কিনিরা পেয় জল নিয়ে বেশ ঝামেলাতে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2007, 06:54 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

এই ঝামেলা আসবে পানির পাইপ বেয়ে। “অনেক খরচ করে পানি পরিষ্কার করলেন তারপর সেটা সেটা সরবরাহ করলেন মরিচাধরা পাইপ দিয়ে, তাহলে তো কোন কাজ হলো না।” মন্তব্য করেছেন মন্টানা স্টেট ইউনিভার্সিটির অনুজীববিজ্ঞানী ও পানিবিজ্ঞানী টিমথি ফোর্ড।

 “আমার মতে এই সরবরাহ ব্যবস্থাই ভবিষ্যতে আমাদের সবচেয়ে ঝূঁকির মুখে ঠেলে দেবে।” বলেছেন ফোর্ড।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে নদী, লেক ও মাটির নিচ থেকে টেনে আনা পানি পরিশোধনের জন্য ৫০ বিলিয়ন ডলার খলচ হয়।

১৯৭৪ সালের সেফ ড্রিংিকিং ওয়াটার অ্যাক্ট অনুসারে প্রতিটি আমেরিকানের বাসায় পানির প্রবাহ নিশ্চিত করতে ১ লাখ ৭০ হাজার পাবলিক ওয়াটার সিস্টেম বর্তমানে কাজ করছে সেখানে।

কিন্তু এই বিশুদ্ধ পানি যেসব পাইপ বেয়ে ভোক্তাদের গ্লাসে যাচ্ছে সেগুলির অধিকাংশই মাটির নিচে গত ৫০, ৬০ বা ১০০ বছর ধরে একইভাবে আছে। যুক্তরাষ্ট্রব্যাপী এসব পাইপের দৈর্ঘ্য প্রায় ১০ লক্ষ মাইল। এসবের অধিকাংশই তৈরি লোহার, ৩০ বছর আগে বাজারে আসা প্লাস্টিক পাইপের ব্যবহার হয়েছে খুব সামান্যই।

লোহার পাইপে যেহেতু মরিচা পরে, এটা ভেঙে যাওয়ারও আশংকা আছে, ফলে এর মাধ্যমে সরবরাহকৃত পানিতে রোগের জীবানু থাকা বিচিত্র নয়।

 “গত ৫ বছর ধরে পরিচালিত এক তদন্তে দেখা গেছে এই সরবরাহ ব্যবস্থার ক্রটির কারণে মাঝে মাঝেই কিছু পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে।” গত ডিসেম্বরে পরিবেশ রক্ষা সংস্থার জন্য পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে এ কথা জানিয়েছে জাতীয় গবেষনা সংস্থা।

যোগান একই থাকা সত্বেও গ্রাহক পর্যায়ে পানির পরিমান কমে যাওয়া দেখেই সরবরাহ ব্যবস্থার ক্রটি বোঝা যায় বলে মন্তব্য করেছেন ফোর্ড।

মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরোনো শহরগুলি হচ্ছে ফিলাডেলফিয়া, শিকাগো, ডেনভার, নিউ ইয়র্ক। এসব শহরের সরবরাহ ব্যবস্থা জরুরী ভিত্তিতে মেরামত করা দরকার বলে জানিয়েছেন অন্যতম পরিবেশবাদী দল ন্যাচারাল রিসোর্সেস ডিফেন্স কাউন্সিল এর এক মুখপাত্র এরিক গোল্ডস্টেইন।

যেমন, তিনি বলেন, প্রতি মাসে পানির পাইপের লিকের জন্য নিউ ইয়র্কে ১ বিলিয়ন গ্যালন পানি নষ্ট হয়। এই জরাজীর্ণ সরবরাহ অবকাঠামো ভোক্তাদের মধ্যে নানারকম রোগের আশংকাও বাড়াচ্ছে বলে মন্তব্য করেন ওই গবেষক।

প্রায় ২৭ কোটি ৩০ লাখের বেশি আমেরিকান গণ সরবরাহ ব্যবস্থার মাধ্যমেই পানি পেয়ে থাকে। বাকী ১০% আমেরিকান ব্যক্তিগত সরবরাহ ব্যবস্থা ও নানারকম কুপ থেকে পানি সংগ্রহ করে যেগুলোর ঠিকমতো রক্ষণাবেক্ষন করা হয় না।

বাসাবাড়িতে শতকরা ৪০ ভাগ আমেরিকান নানারকম পানি বিশুদ্ধকরণ পদ্ধতি ব্যবহার করে বলে জানায় এনএসএফ ইন্টারন্যাশনাল নামের একটি অলাভজনক গনস্বাস্থ্য ও নিরাপত্তা সংগঠন।

শহরের পানির প্লান্ট থেকে  সরবরাহ করা পানির মধ্যে ক্রিটোস্পারোডিয়াম ও লেগিওনেলার মতো বিভিন্ন অনুজীব আছে কিনা তা পরীক্ষা করে দেখা দরকার বলে জানিয়েছে ওই সংগঠনটি। এছাড়াও কপার, সীসার মতো ক্ষতিকর পদার্থ আছে কিনা তাও দেখা জরুরী বলে মন্তব্য করেছে তারা।

আগামী ২০ থেকে ৩০ বছরে কেবল পাইপ বদলাতেই খরচ হবে ২৫০ থেকে ৩৫০ বিলিয়ন ডলার লাগবে। এর ফলে ২০৩০ সাল নাগাদ আমেরিকায় পানির দাম তিনগুন বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।