২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বচ্ছ নয়, ঘোলা আপেলরসই স্বাস্থ্যের জন্য বেশি উপকারী

ক্লাউডি লেমন আরসি কোলা বেশ চলেছিল একসময়। এখনও ভার্জিনের ক্লাউডি বা আকিজের ক্লাউডিও বাজারে মেলে। এসব কোমল পানীয় কতটা স্বাস্থ্যকর তা নিয়ে নানারকম আলোচনা রয়েছে। তবে ফলের রস হিসেবে ক্লাউডি আপেলরস যে বেশ স্বাস্থ্যকর সে কথা গত সোমবার এক গবেষণা প্রতিবেদনে বেশ জোরের সঙ্গেই উল্লেখ করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 06:04 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

একদল পোলিশ গবেষক তাদের গবেষণায় দেখেছেন তন্তুবহুল, ঘোলা আপেলের রসে অ্যান্টিঅক্সিডান্টের পরিমান স্বচ্ছ আপেল রসের তুলনায় অনেক বেশি। অ্যান্টিঅক্সিডান্ট হলো এক ধরনের যৌগ যা শরীরের জন্য ক্ষতিকর রোগের কারণ হতে পারে এমন মুক্ত মৌলপদার্থ, ক্ষুদ্র কণাকে নিষ্ক্রিয় করে ফেলে।

উৎপাদকরা সাধারণত মনে করেন যে, ভোক্তারা স্বচ্ছ আপেলের রসই বেশি পছন্দ করে। খুচরা বিক্রেতারাও স্বচ্ছ রসই বেশি পছন্দ করেন, কারণ এগুলো সহজে বেশিদিন সংরক্ষন করা যায়।

“তবে নতুন এই গবেষণায় দেখা যাচ্ছে স্বাস্থ্য সচেতন ভোক্তাদের উচিত হবে ঘোলা রসের দিকেই হাত বাড়ানো।” মন্তব্য করেছেন এই গবেষণাপত্রের প্রধান লেখক পোলান্ডের এক কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. জান ওসমিয়ানস্কি।

ওসমিয়ানস্কির গবেষক দল দেখেছেন ঘোলা আপেল রসে এন্টিঅক্সিডান্ট পলিফেনল এর মাত্রা ৪ গুন বেশি থাকে। সায়েন্স অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার জার্নালে এ তথ্য উল্লেখ করেছেন গবেষকরা।

৪ জাতের আপেলের রস নিয়ে গবেষণা করেছেন তারা এর মধ্যে চ্যাম্পিয়ন আপেলের রসে অ্যান্টিঅক্সিডান্টের পরিমাণ ছিল সবচেয়ে বেশি। তবে রস যখনই স্বচ্ছ করে ফেলা হয়েছে, দেখা গেছে এর মধ্যে অ্যান্টিঅক্সিডান্টের মাত্রা উল্লেখযোগ্য মাত্রায় কমে গেছে।

ওসমিয়ানস্কি জানান, রসকে স্বচ্ছ করার প্রক্রিয়ায় এক ধরণের এনজাইম বা উৎসেচক ব্যবহার করা হয় যা রসের অ্যান্টিঅক্সিডান্টগুলিকে বিশেষ করে প্রোসিয়ানিডিসন নামের যৌগকে অক্সিডাইজ করে ফেলে।

“তবে ” ওসমিয়ানস্কি বলেন, “সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডান্ট পেতে চাইলে পুরো আপেলটা খেয়ে ফেলাই সর্ব্বোত্তম।”