২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গরিবের রোগ’ নির্মূলের লড়াইয়ে জর্জ সরোস বাংলাদেশ

বিশ্বের অন্যতম ধনকুবের জর্জ সরোস ‘গরীবের রোগ’ প্রতিহতের লড়াইয়ে অংশ নিতে বিশ্বের সুশীল সমাজ ও সরকারগুলোর প্রতি আহবান জানিয়েছেন। কারণ এই রোগে প্রতি বছর সারা বিশ্বে ২০ লাখ লোক মারা যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2006, 09:07 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

ব্র্যাক মিলনায়তনে “বাংলাদেশে যক্ষানীতি-সুশীল সমাজের প্রেক্ষিত” শীর্ষক একটি প্রকাশনার উদ্বোধনী অনুষ্ঠানে হাঙ্গেরি বংশোদ্ভূত সরোস বলেন, “সচেতনতার অভাবে ‘গরিবের রোগ’ পালমোনারি টিউবারকলোসিস (যক্ষা) এখনও বিশ্বে অত্যন্ত অবহেলিত।”

ব্র্যাকের আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফরে এসেছেন ওপেন সোসাইটির যক্ষা বিষয়ক ওই প্রতিবেদন প্রকাশের জন্য।

ওপেন সোসাইটি ইনস্টিটিউটসহ বেশকিছু প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরোস প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, “আমাদের প্রধান কাজ হচ্ছে ‘স্টপ টিবি’ কর্মসূচিতে সহায়তার জন্য বিশ্বব্যাপী সুশীল সমাজকে সক্ষম করে তোলা।”

মানবদরদী সরোস বলেন, “যক্ষা নিরাময়যোগ্য। এ রোগের ওষুধ সর্বত্র পাওয়া যায়। বেসরকারি সংস্থাগুলোর অংশগ্রহণে এখন এ বিষয়ে আরও বেশি সচেতনতা গড়ে তোলা দরকার।”

ব্র্যাকের মানবাধিকার বিষয়ক পরিচালক আফসান চৌধুরী বলেন, “দীর্ঘদিন ধরে যক্ষা যে শুধু নীরবে মানুষের জীবন ধ্বংস করেছে তাই নয়, মনোযোগের অভাবে এটি অগোচরেই থেকে গেছে।”

বিপুল সংখ্যক স্বাস্থ্য বিশেষজ্ঞের উপস্থিতিতে এই প্রকাশনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফজলে হাসান আবেদ।

বাংলাদেশে প্রতি বছর যক্ষায় প্রায় ৭০ হাজার লোক মারা যায়। এছাড়া প্রতিবছর ৩ লাখ এ রোগে আক্রান্ত হয়।

বছরে ১ লাখ ২৫ হাজার রোগী নিবিড় পর্যবেক্ষণের আওতায় স্বল্প মেয়াদি চিকিৎসা সেবা পেয়ে থাকে।