২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধিক আওয়াজ করে এমন খেলনা শিশুদের শ্রবণযন্ত্রের ক্ষতি করে

বেশী আওয়াজযুক্ত খেলনা শিশুদের শ্রবণযন্ত্রের স্থায়ী ক্ষতি করতে পারে, বিশেষত যেসব খেলনা শিশুদের কানের অনেক কাছে থাকে। যুক্তরাজ্যের একটি গবেষনায় এ তথ্য জানা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2006, 03:53 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

“যেসব খেলনা থেকে বেশি আওয়াজ বের হয় শিশুরা যদি সেসব খেলনা দীর্ঘদিন ধরে ব্যবহার করে তাহলে তাদের শ্রবণযন্ত্রের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশী।” লন্ডন’স ইয়ার ইন্সটিটিউট এর রিসার্চ ফেলো ড. ব্রাড বাকুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করে বলেন, “এক্ষেত্রে আমাদের উপদেশটা খুবই সরল, আপনার শিশুকে আওয়াজযুক্ত খেলনা কানের খুব কাছে নিতে দিবেন না এবং অনেক সময় ধরে তাদের এটা নিয়ে খেলতে দিবেন না।”

৩ মাস বয়স থেকে ১৫ বছর বয়সের বাচ্চাদের ক্ষেত্রে গ্রহণযোগ্যমাত্রার শব্দ হলো ৮৫ ডেসিবল। এর বেশী হলেই সেটা শিশুদের ক্ষেত্রে সমস্যার তৈরী করতে পারে।

ড. বাকুস গবেষনায় দেখতে পান, বাজারে প্রচলিত ১৫ টি জনপ্রিয় খেলনা ৮১ থেকে ১০৫ ডেসিবল মাত্রার আওয়াজ তৈরি করে। এরমধ্যে শিশুদের জন্য সবচেয়ে ক্ষতিকর টয় গান। এটি ১২০ থেকে ১৪০ ডেসিবল শব্দ উৎপন্ন করে।

বাকুস আরো উল্লেখ করেন, “আমার যদি কোনো শিশু থাকতো তাহলে আমি কখনোই বন্দুক ধরনের খেলনা দিতাম না।”