২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে এডিস মশাবাহিত এই রোগে এই মৌসুমে তিনজনের মৃত্যু হল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2022, 06:58 PM

Updated : 02 Aug 2022, 11:55 AM

রোববার যে দুজন মারা গেছেন তারা কক্সবাজারের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বর্ষা মৌসুম শুরুর পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, রোববার বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৫৩ জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলার হাসপাতালে ১৮ জন ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে বিভিন্ন হাসপাতালে ২২২ জন রোগী চিকিৎসাধীন। এরমধ্যে ঢাকায় ১৭০ জন এবং ঢাকার বাইরে ৫২ জন রোগী ভর্তি আছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছর ১ হাজার ৭২৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের ৭৩৭ জনই জুন মাসে শনাক্ত। জুলাইয়ের প্রথম ১৬ দিনে শনাক্ত হয়েছে ৬৩৪ জন।

ডেঙ্গু সম্পর্কিত তথ্য, পরামর্শ এবং এডিস মশার উৎস সম্পর্কে জানাতে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ঢাকার দুই সিটি করপোরেশন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে যেখানে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার স্থান এবং ডেঙ্গু জ্বর সম্পর্কিত যেকোনো তথ্য বা ডেঙ্গু সম্পর্কিত যেকোনো অভিযোগ জানানো যাবে।

নগরবাসী এই সেবা সম্পর্কে জানতে এবং যেকোনো পরামর্শ নিতে ০১৭৬৯১০০৬৮০, ০১৭১৬৫০৬২৫৮, ০১৭১৫২৩৮৭৫৪, ০১৭১৫৪৫৬৬৯৮, ০১৭৫৬২০৯৪৮২, ০১৭১৬৩৯৮৮৮৬, ০১৭৩৫৮৪৩৬৯৩ নম্বরে ফোন করতে পারবেন।

ডেঙ্গু রোগের বাহক এডিস মশার উৎসস্থল ধ্বংসে রোববার থেকে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। ০১৭০৯৯০০৮৮৮ এবং ০২২২৩৩৮৬০১৪ নম্বরে ফোন করে এডিস মশার প্রজননস্থল বা লার্ভা সম্পর্কিত তথ্য দিয়ে সহায়তা করতে পারবেন নগরবাসী।