২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহামারীর ধাক্কায় শিশুদের টিকাদান পিছিয়েছে এক প্রজন্ম: জাতিসংঘ

করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ায় ২০২১ সালে অন্তত আড়াই কোটি শিশু নিয়মিত টিকাদান কর্মসূচিতে ডিপথেরিয়া, ধনুষ্টংকার, হাম ও পোলিওর মত প্রাণঘাতী রোগের টিকা থেকে বঞ্চিত হয়েছে বলে উঠে এসেছে জাতিসংঘের এক পরিসংখ্যানে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2022, 11:36 AM

Updated : 02 Aug 2022, 11:54 AM

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই পরিসংখ্যান বলছে, নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুর এই সংখ্যা ২০২০ সালে মহামারীর প্রথম বছরের চেয়ে প্রায় ২০ লাখ এবং ২০১৯ সালে মহামারীর আগের বছরের তুলনায় ৬০ লাখ বেশি।

ইউনিসেফ বিষয়টিকে বর্ণনা করেছে গত এক প্রজন্মের মধ্যে শিশুদের টিকাদান কর্মসূচিতে সবচেয়ে বড় ধাক্কা হিসেবে। করোনাভাইরাস মহামারী শিশুরদের এই নিয়মিত টিকাদানের হারকে পিছিয়ে দিয়েছে ২০০০ সালের আগের সময়ের পর্যায়ে।

মহামারীর প্রথম ধাক্কা সামলে ২০২১ সালে নিয়মিত টিকাদানে উন্নতি হবে বলে অনেকে মনে করেছিলেন। কিন্তু বাস্তবে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

ইউনিসেফের জ্যেষ্ঠ ইমিউনাইজেশন বিশেষজ্ঞ নিকোলাস ডেনিয়েলসন বলেন, “এটা শিশুদের জন্য অনেক বড় স্বাস্থ্য সংকট। জরুরি ভিত্তিতে এর সমাধান করা প্রয়োজন।”

জাতিসংঘের এ সংস্থা বলছে, ২০২১ সালে সবার মনোযোগ ছিল করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি নিয়ে, পাশাপাশি অর্থনৈতিক মন্দা থেকে উত্তরণ এবং স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছিল দেশগুলোকে। সব মিলিয়ে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির গতি বাড়ানোর কাজটি বাধাগ্রস্ত হয়েছে।

শিশুদের টিকাদানে দক্ষিণ এশিয়ার অগ্রগতি ‘মহামারীতে ম্লান’  

নিয়মিত টিকাদানে ভাটা, স্বাস্থ্যঝুঁকির চোখরাঙানিতে শিশুরা  

এর প্রভাব পড়েছে বিশ্বের প্রতিটি অঞ্চলে। ডিপথেরিয়া, ধনুষ্টংকার ও হুপিং কাশির (ডিপিটি ৩) জন্য দেওয়া তিন ডোজ টিকার মোট সংখ্যা, একেবারেই টিকা না পাওয়া শিশুর সংখ্যা এবং এক বা একাধিক ডোজ না পাওয়া শিশুর সংখ্যা হিসাব করে দেখা গেছে, পুরো বিশ্বে টিকাদানের হার আগের বছরের তুলনায় ৫ শতাংশ কমে ৮১ শতাংশে নেমে এসেছে।

এর মধ্যে এক ডোজও টিকা না পাওয়া শিশুর সংখ্যা ২০১৯ সালের তুলনায় ২০২১ সালে ৩৭ শতাংশ বেড়েছে। এই শিশুদের সংখ্যা এক কোটি ৩০ লাখ থেকে বেড়ে ১ কোটি ৮০ লাখ হয়েছে, যাদের অধিকাংশই মূলত নিম্ন ও মধ্যম আয়ের দেশের।

এসব রোগের ক্ষেত্রে মোট জনসংখ্যার ৯০ শতাংশের বেশি শিশুকে টিকার আওতায় আনতে হয়, তা না হলে রোগের প্রাদুর্ভাব ঠেকানো যায় না।

ইউনিসেফ বলছে, টিকাদানের হার কমে আসার প্রভাব ইতোমধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায়। ২০২২ সালে আফ্রিকায় হামে আক্রান্ত শিশুর সংখ্যা ৪০০ শতাংশ বেড়েছে।

২০২১ সালে ২ কোটি ৪৭ লাখ শিশু হামের টিকার প্রথম ডোজ পায়নি; দ্বিতীয় ডোজ পায়নি আরও ১ কোটি ৪৭ লাখ শিশু।

মহামারীর সময়ে ৮১ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা গেলেও এই হার ২০০৮ সালের পর সর্বনিম্ন।

১৭৭টি দেশের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার তথ্য ব্যবহার করে এ পরিসংখ্যান তৈরি করেছে জাতিসংঘ।