নেত্রকোণায় পাঁচজনের মৃত্যু জলবসন্ত সংক্রান্ত জটিলতায়
সরকারের রোগ পর্যবেক্ষণকারী শাখা আইইডিসিআর’র বিজ্ঞানীরা নেত্রকোণার প্রত্যন্ত এক উপজেলার পাঁচজনের ‘অজ্ঞাত রোগে’ মৃত্যুর রহস্য উন্মোচন করেছেন। তারা বলছেন, তাদের মৃত্যুর কারণ চিকেনপক্স বা জলবসন্ত সংক্রান্ত জটিলতা।
আইইডিসিআর পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, ল্যাবরেটরি পরীক্ষায় দেখা গেছে, তারা চিকেনপক্ষ সংক্রান্ত জটিলতায় মারা গেছেন।
সম্প্রতি তাদের মৃত্যুর পর কলমাকান্দা উপজেলার কিছু গ্রামে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় প্রতিনিধিরা তাদের প্রতিবেদনে জানিয়ে আসছেন যে অনেকেরই আশঙ্কা, নতুন কোনো রোগের কারণে এসব প্রাণহানি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আইইডিসিআর দল পাঠিয়ে ওইসব মৃত্যুর তদন্ত করে।
অধ্যাপক রহমান বলেন, তাদের তদন্তে জানা গেছে যে নভেম্বর পর্যন্ত উপজেলার কৈলাতি ইউনিয়নের নয়টি গ্রামের অন্তত ৭০ জন চিকেনপক্সে আক্রান্ত হয়।
“তাদের মধ্যে পাঁচজন মারা গেছে। আমরা বলছি না তারা সরাসরি চিকেনপক্সের কারণেই মারা গেছেন। তারা মূলত চিকেনপক্স সংক্রান্ত জটিলতায় মারা গেছে।”
বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, অন্যান্য রোগের সঙ্গে জলবসন্ত হলে তা ভয়ানক হতে পারে। যে পাঁচজন মারা গেছে তাদের মধ্যে দুইজন বয়স্ক এবং অন্যরা শিশু। বয়স্ক একজন কোলন ক্যান্সারে ভুগছিলেন; আরেকজনের ছিল অ্যাজমা। আর শীতের কারণে শিশুগুলোর নিউমোনিয়া হয়েছিল।
“তারা কোনো চিকিৎসকও দেখায়নি এবং এ কারণেই জটিলতাগুলো তৈরি হয়েছিল,” বলেন অধ্যাপক রহমান।
এজন্য তিনি জলবসন্ত হলে চিকিৎসককে দেখানোর পরামর্শ দিয়েছেন, যদিও ছোঁয়াচে এই রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই।
এর ফলে শরীরের সব জায়গায় চুলকানিযুক্ত ফুসকুড়ি এবং লাল দাগ হয়। কোনো ব্যক্তির কাছ থেকে সংক্রমিত হওয়ার পর ১৪ থেকে ১৬ দিন রোগটি দেখা দেয়।
আইইডিসিআর গত বছর যশোরে একই ধরনের জলবসন্তের রোগী পেয়েছিল।
