২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেপাটাইটিস ঠেকাতে চাই সমন্বিত কৌশল 

নীরবে মারণঘাতী সংক্রামক হেপাটাইটিস প্রতিরোধে ‘সমন্বিত কৌশল’ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যকৃত বিশেষজ্ঞরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2015, 08:27 PM

Updated : 12 Oct 2022, 04:06 PM

মঙ্গলবার রাজধানীতে বিশ্ব হেপাটাইটিস দিবসে সংক্রমণ প্রতিরোধের কৌশল নিয়ে আলোচনা সভায় এ আহ্বান জানান তারা।

‘উদ্যোগ নেওয়ার এখনই সময়’ এই স্লোগানে বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি ঢাকায়ও শোভাযাত্রা, সেমিনার ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

কেন্দ্রীয় শহীদ মিনারে সাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

প্রতি বছর বাংলাদেশে ১ কোটি ৫০ লাখ মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত হয়, যাদের মধ্যে ২০ হাজার জনের মৃত্যু হয়। মৃতের এই সংখ্যা ম্যালেরিয়া, যক্ষ্মা ও কলেরায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার চেয়ে বেশি।

এক আলোচনা সভায় বাংলাদেশের জাতীয় লিভার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, হেপাটাইটিস সংক্রমণ প্রতিরোধে সামগ্রিক দৃষ্টিভঙ্গির জন্য প্রয়োজন একটি ‘সমন্বিত কৌশল’।

অধিকাংশ মানুষ শেষ পর্যায়ে এসে তাদের রক্তে হেপাটাইটিসের অস্তিত্ব টের পায় জানিয়ে তিনি বলেন, “প্রায় ৬০ শতাংশ থেকে ৭০ শতাংশ হেপাটাইটিস সংক্রমণের শুরুতে বুঝতে পারে না।

“কিন্তু এটা নীরবে হত্যা করে।”

অনিরাপদ রক্ত, ইনজেকশন ও যৌন সঙ্গমের মাধ্যমে হেপাটাইটিস বি ও সি ভাইরাস ছড়ায় বলে উল্লেখ করেন তিনি।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক কোয়ালিশন টু ইরাডিকেট ভাইরাল হেপাটাইটিস ইন এশিয়া প্যাসিফিকও (সিইভিএইচএপি)।

এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, সামান্য সমাধানই ‘বড় ব্যবধান’ তৈরি করতে পারে।

উদারহণস্বরূপ, অনিরাপদ ইনজেকশনের ব্যবহারের ফলেই বাংলাদেশে নতুন করে হেপাটাটাইটিস বি ও সি ভাইরাস সংক্রমিত হয়।

সিরিঞ্জের পুনর্ব্যবহার এড়িয়ে হেপাটাটাইটিস সি আক্রান্তের সংখ্যা এক কোটি ৫০ লাখের বেশি এবং হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮০ হাজার পর্যন্ত কমানো যেতে পারে।

মোহাম্মদ আলী পরিতাপের সঙ্গে বলেন, মানুষ এখনো হুজুর বা ওঝাদের কাছে হেপাটাইটিস সারানোর জন্য যায়।

তিনি বলেন, ‘সমন্বিত সংক্রামক হেপাটাইটিস কৌশল’ গ্রহণের মধ্য দিয়ে সচেতনতা বাড়ানো থেকে চিকিৎসা নিশ্চিতকরণসহ সব বিষয়গুলোর সমাধান করা যায়।

শুরুতেই হেপাটাইটিস ছড়ানো রোধে গ্রাম পর্যায়ে স্ক্রিনিংয়ের (নির্ণয়) ব্যবস্থা থাকার উপর জোর দেন তিনি।

লিভার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক হারুনুর রশীদ বলেন, বিশেষ করে হেপাটাইটিস বি ভাইরাসের প্রতিষেধক যত আগে সম্ভব দেওয়া উচিৎ।

বর্তমানে সরকার ছয় সপ্তাহের বাচ্চাদের বি ভ্যাকসিন দিচ্ছে। তবে অধ্যাপক হারুন বলেন, ঝুঁকি আরও কমাতে জন্মের ২৪ ঘণ্টার মধ্যে এই ভ্যাকসিন দেওয়া উচিৎ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সরকারগুলোকে হেপাটাইটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের পদ্ধতির পর্যাপ্ত ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এই অঞ্চলে পরিস্থিতি ‘আশঙ্কাজনক’।

তিনি বলেন, সংক্রমিত হওয়ার পরেও অনেকেই অসচেতন থাকায় ব্যক্তি পর্যায়েও এর দায় বর্তায়।

“আমরা এই ঝুঁকি নিয়ে বসবাস করছি এবং আমরা এখনই পদক্ষেপ না নিলে এই এটা বিপর্যয়কর হবে।”