২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ২০৪ জন, অর্ধেকই বরিশালে

নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে, ১০১ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2025, 06:11 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২০৪ জন, এই সময়ে মশাবাহিত এ রোগে কারো মৃত্যু হয়নি। 

নতুন রোগীদের নিয়ে চলতি বছর ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৬৬০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ভর্তি নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১০১ জন বরিশাল বিভাগের।

এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৫৭ জন, ঢাকা বিভাগে ২২ জন, ময়মনসিংহ বিভাগে পাঁচজন, চট্টগ্রাম বিভাগে নয়জন, রাজশাহী বিভাগে ১০ জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৭৯ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৫১ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯২৮ জন।

দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

২০২২ সালে সারাদেশে এক লাখ এক হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ।