২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থতা এখনো দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ: জুবাইদা রহমান

“বাংলাদেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন আবহেলার শিকার। সরকারি হাসপাতালে অধিক চাপে স্বাস্থ্যকর্মীরা নিরুৎসাহিত।”

অসুস্থতা এখনো দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ: জুবাইদা রহমান
জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2026, 04:55 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

স্বাস্থ্য ব্যয়ের ৭২ শতাংশ যে সরাসরি জনগণকে বহন করতে হয়, সেই তথ্য তুলে ধরে অসুস্থতাকে দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।

তিনি বলেছেন, “বাংলাদেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন আবহেলার শিকার। সরকারি হাসপাতালে অধিক চাপে ও স্বাস্থকর্মীরা নিরুৎসাহিত। মানসম্মত সেবায় প্রবেশে প্রতিদিন লাখো মানুষের অসম লড়াই।”

মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ‘স্বাস্থ্যসেবার সমতা প্রতিষ্ঠায় ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন’ শীর্ষক মত বিনিময় সভায় কথা বলছিলেন জুবাইদা রহমান।

এর আগে তিনি হাসপাতালে প্যাথলজি প্যাভিলিয়ন, গ্যাস্ট্রোলিভার সেন্টার ও ৫০ শয্যার আইসিইউ উদ্বোধন করেন। হাসপাতালের পরিচালক বস্তিবাসীর জন্য বিশেষ টিকেট কাউন্টার ও সংরক্ষিত ১০০ শয্যার উন্নয়নের ঘোষণা দেন। 

জুবাইদা রহমান বলেন, “আমাদের লক্ষ্য আর কোনো দিন যেন কড়াইল, ভাষানটেক ও সাততলা একালার বস্তিবাসী যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। এসব এলাকার নবজাতক শিশু থেকে বয়োবৃদ্ধ সকল মানুষ সব ধরনের সঠিক সেবা পান।

“এসব এলাকায় যারা বসবাস করেন তারাই মূলত শহরকে সচল, পোষাক শিল্পকে উজ্জ্বল করছেন ও ইমারত গড়েছেন। কিন্তু তাদের প্রায় ৪২ শতাংশ মানুষ চিকিৎসা সেবা নিতে স্থানীয় ফার্মেসির দারস্থ হন। তারা যে কোনো মূল্য সুস্থ থাকতে চান যাতে অসুস্থতার জন্য ছুটি নিতে না হয়।”

এক সময় চিকিৎসক হিসেবে সরকারি চাকরি করা জুবাইদা বলেন, “স্বাস্থ্য ব্যয়ের ৭২ শতাংশ সরাসরি জনগন বহন করে। ফলে অসুস্থতা এখনো দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ।” 

ভাষানটেকের বাসিন্দা তানিয়া আক্তার সভায় বলেন, “আমি জীবনের প্রথম দেখতে পাচ্ছি, দেশের একমাত্র রাজনৈতিক দল যারা নির্বাচনের আগে আমাদের কথা শুনতে এসেছিলেন এবং নির্বাচনে জয়ী হওয়ার পরও তারা আমাদের কাছে আসছেন। আমাদের জন্য ফ্রিতে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। এখন সরকারি হাসপাতালে যে ভাবে সেবা পাচ্ছি সেটা নির্বাচনি অঙ্গীকারের মত। আমরা সবাই সেবা পাচ্ছি, এটাই সবচেয়ে ভালো লাগার বিষয়৷।”

সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, “প্রধানমন্ত্রীর পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য (ডা. জুবাইদা রহমান) যিনি আজকে আপনাদের সামনে এসেছেন; এটা দায়বদ্ধতার প্রতিফলন। এই আসাটা জনগণের মধ্যে আশার আলো সৃষ্টি করবে। বুঝতে হবে, আমাদের প্রধানমন্ত্রী দেশে একটা দায়বদ্ধতার রাজনীতির মেরুকরণ নতুনভাবে সৃষ্টি করতে চান।”

‘সবার জন্য সুস্বাস্থ্য’ নিশ্চিত করা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, “এই মতবিনিময়, এটাকে রাজনৈতিক নতুন মেরুকরণের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী শিক্ষা দিচ্ছেন। নির্বাচনে জয় লাভের পর থেকে ইশতেহার পূরণে প্রধানমন্ত্রী সর্বোচ্চ কাজ করে যাচ্ছেন। এমনকি মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি অনেক সময় বিদুৎ অপচয় রোধে লাইট বন্ধ করেন।”

অনুষ্ঠানে বর্তমান সরকারের সময়ে বাংলাদেশে চিকিৎসা সেবার ক্ষেত্রে গুণগত পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

অন্যদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বিএনপির ঢাকা-১৭ আসনের নির্বাচনি পরিচালনা কমিটির যুগ্ম সমন্বয় অধ্যাপক ফরহাদ হালিম ডোনার অনুষ্ঠানে বক্তব্য দেন।