২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু পরীক্ষার ফি কোথায় কত

সরকার নির্ধারিত ফি’র বেশি অর্থ নিলে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ডেঙ্গু পরীক্ষার ফি কোথায় কত
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2025, 08:59 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু শনাক্তে সরকারি-বেসরকারি হাসপাতালের ফি নির্ধারণ করে দিয়ে তা মেনে চলার নির্দেশ দিয়েছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের এক চিঠিতে বলা হয়েছে, সরকারি হাসপাতালে ডেঙ্গু নির্ণয়ের এনএস১, আইজিজি ও আইজিএম পরীক্ষার ফি ৫০ টাকা। তবে বেসরকারি হাসপাতালে এসব পরীক্ষার ফি হবে ৩০০ টাকা। আর সিবিসি পরীক্ষার ফি ৪০০ টাকা।

সরকার নির্ধারিত এই ফি এর বেশি অর্থ নিলে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমুহ) আবু হোসেন মো. মঈনুল আহসানের পাঠানো চিঠিতে। পরীক্ষার এই ফি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।

নতুন আক্রান্ত ৪২৯

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৯ জন, যা চলতি বছর এক দিনের হিসাবে ভর্তি রোগীর সর্বোচ্চ সংখ্যা। এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

আক্রান্ত নতুনদের নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৯৬ জনে। এর মধ্যে মারা গেছেন ৪২ জন।

সোমবার পর্যন্ত ভর্তি মোট রোগীর মধ্যে ২ হাজার ৭৪৬ জন বরগুনা জেলার, যা মোট আক্রান্তের ২৬ দশমিক ৬৭ শতাংশ। ডেঙ্গুতে বরগুনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের, যা মোট মৃত্যুর ২৮ দশমিক ৫৭ শতাংশ।

বরগুনায় দুই অ্যাম্বুলেন্স

বরগুনায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সেখানকার সদর হাসপাতালে অস্থায়ী ভিত্তিতে দুটি অ্যাম্বুলেন্স দিতে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালককে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের পরিচালক মঈনুল আহসানের আরেকটি চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি বরগুনা জেলায় ডেঙ্গুর প্রকোপ ব্যাপকভাবে বেড়েছে। জেলা হাসপাতালে শয্যা সংখ্যার দ্বিগুণ রোগী ভর্তি থাকছে, যাদের বেশিরভাগ ডেঙ্গু আক্রান্ত। এ অবস্থায় বরগুনা জেলা হাসপাতালের চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসায় প্রশিক্ষণ দেওয়া এবং সক্ষমতা বাড়াতে চারজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক পাঠাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।