২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ২৭৮

ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ২৬২ জন। তাদের মধ্যে ঢাকায় চিকিৎসাধীন ৩৪১ জন; ঢাকার বাইরে ৯২১ জন।

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ২৭৮
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 07:07 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

এইডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

এতে চলতি বছর ডেঙ্গুতে ৮৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেলে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৯৮০ জন, যাদের মধ্যে ২৭৮ জন ভর্তি হন শেষ ২৪ ঘণ্টায়। 

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিনে বলা হয়, মারা যাওয়া দুই ব্যক্তির মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং আরেকজন চট্টগ্রাম বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয় চলতি মাসে; ৪১ জনের। এছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন ও জুনে ১৯ জনের মৃত্যু হয়। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও চলতি মাসে সর্বোচ্চ; ১০ হাজার ৬৮৪ জন। এর আগে জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন এবং জুনে ৫৯৫১ জন হাসপাতালে ভর্তি হন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি, ৭২ জন রোগী ভর্তি হন বরিশাল বিভাগে। এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৬৩ জন, ঢাকা বিভাগে ৪৬ জন, ময়মনসিংহ বিভাগে চার জন, চট্টগ্রাম বিভাগে ৩৫ জন, খুলনা বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন এবং রংপুর বিভাগে পাঁচ জন রোগী ভর্তি হন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৬২ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৪১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৯২১ জন ভর্তি আছেন।

দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।