২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫০ রোগী

১৯ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৫০৭ জন; মৃত্যু হয়েছে ৪৭ জনের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2025, 07:19 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে; এ নিয়ে চলতি বছর ২৪৫ জনের প্রাণ গেল মশাবাহিত এ রোগে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি একজন পুরুষ। তিনি বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স ছিল ৬২ বছর। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৫০ রোগী। তাতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৮৪৯ জনে।

এ বছর সবচেয়ে বেশি ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন সেপ্টেম্বর মাসে; মৃত্যু হয়েছে ৭৬ জনের।

১৯ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৫০৭ জন; মৃত্যু হয়েছে ৪৭ জনের।

এর আগে জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫ হাজার ৯৫১ জন এবং অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হন।

জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল। তার আগে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুন মাসে ১৯ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ২৮৫ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এ ছাড়া ঢাকা বিভাগে ১৩১ জন, ময়মনসিংহ বিভাগের ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১৮ জন, খুলনা বিভাগে ৭১ জন, রংপুর বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ৭৯ জন এবং বরিশাল বিভাগে ১৯০ জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৭৯৩  জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৭৭ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৮১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।