ডেঙ্গুতে আরেকজনের মৃত্যু, হাসপাতালে ৩৯১
চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৪৬০ জনে।
এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরেকজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫৫ জনের মৃত্যু হল।
স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের বুলেটিনে বলা হয়, এদিন সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ৩৯১ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৪৬০ জনে।
বুলেটিনে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুনে; ১৯ জন। এছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন ও মে মাসে তিনজনের মৃত্যু হয়।
মার্চ মাসে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। আর চলতি মাসে মৃত্যু হয়েছে ১৩ জনের। এ মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১৬৪ জন।
এছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন এবং জুন মাসে হাসপাতালে ভর্তি হন ৫৯৫১ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয় বরিশাল বিভাগে, ১২৮ জন। এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৮৩ জন, ঢাকা বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, খুলনা বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন ও রংপুর বিভাগে দুজন রোগী ভর্তি হন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩০২ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৮৫ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৯১৭ জন চিকিৎসা নিচ্ছেন।
দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের।
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এ সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।
