Published : 12 Jul 2026, 06:27 PM
দেশে গত একদিনে মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এসময়ে চলতি মাসে একদিনে সবচেয়ে বেশি ৩৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর আগে গত ১১ জুলাই ১৫৮ জন, ১০ জুলাই ৬৮ জন, ৯ জুলাই ১৯০ জন, ৮ জুলাই ২৫১ জন, ৭ জুলাই ১৯৬ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এ নিয়ে জুলাইয়ের ১২ দিনে মোট ২ হাজার ২১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হল।
এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছর এখন পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে; যার মধ্যে জুলাই মাসেই মারা গেছে ৭ জন।
রোববার অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে যে ব্যক্তি মারা গেছেন তিনি ঢাকা বিভাগের। এ বিভাগেই বর্তমানে সর্বোচ্চ ২ হাজার ৯৩১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে।
চলতি বছর ঢাকা বিভাগে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যাও বেশি। গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বোচ্চ ১১ জন ঢাকা বিভাগে প্রাণ হারিয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫ জন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৫৩ জন। দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৪৪ জন ভর্তি হয়েছেন।
দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে আরো ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তির তথ্য মিলেছে।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৯৫ জন, চট্টগ্রামে ৩১ জন, খুলনায় ১০ জন ও ময়মনসিংহে ১৭, রাজশাহীতে ৪, রংপুরে ১ এবং সিলেটে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়ে ২৭৯ জন হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ৮ হাজার ৩২৩ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। এর মধ্যে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ৫৭০ জন।