Published : 16 Jul 2026, 06:14 PM
দেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তন আনতে ডিজিটাইজেশন কার্যক্রম শিগগিরই আলোর মুখ দেখবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।
তিনি বলেছেন, “দুই বা আড়াই বছর আগেও স্বাস্থ্যখাতে এআই নিয়ে এতোটা ভাবা হয়নি, যতটা গুরুত্ব এখন তৈরি হয়েছে। ই-হেলথ কার্ড এবং ডিজিটাল প্রেসক্রিপশনের মতো বিষয়গুলো এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে।’’
বৃহস্পতিবার দুপুরে ঢাকায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কনফারেন্স রুমে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
ই-হেলথ কার্ড হলো একটি ডিজিটাল স্বাস্থ্য পরিচয়, যার মাধ্যমে নাগরিকরা তাদের স্বাস্থ্য রেকর্ড ও চিকিৎসা ইতিহাস দেখতে পারবেন। যখন কোনো রোগী হাসপাতালে যাবেন, চিকিৎসকরা এ কার্ডটি ব্যবহারের মাধ্যমে তার আগের সব রোগের ইতিহাস, পরীক্ষার রিপোর্ট এবং ওষুধের বিবরণ মুহূর্তেই দেখতে পাবেন।
মুহিত বলেন, “দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে সাজাতে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করতে ডিজিটাল রোডম্যাপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর বর্তমান সরকার বিশেষ জোর দিচ্ছে।

“সরকার স্বাস্থ্য ব্যবস্থার রিমডেলিং (নতুন রূপদান) নিয়ে কাজ করছে, যার বিস্তারিত রূপরেখা নির্বাচনি ইশতেহার ও বিভিন্ন বক্তব্যে তুলে ধরা হয়েছে। বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং পুরো হেলথ সিস্টেমের ডিজিটাল রোডম্যাপ তৈরির বিষয়টি প্রাধান্য পেয়েছে।”
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এই পরিকল্পনাগুলো হুট করে নেওয়া হয়নি। গত দেড়-দুই বছর ধরে দেশের ভেতরে ও বাইরে থাকা স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটি 'পার্টিসিপেটরি প্রসেস' বা অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে এই ইশতেহার তৈরি করা হয়েছে।
সভায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ এনামুল হক ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ফোয়ারা তাসমীমসহ উপস্থিত ছিলেন।