ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ জন
অগাস্টের ১৯ দিনের হিসাবে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৯৬২ জন; মারা গেছেন ২২ জন।
এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়ে গত ২৪ ঘণ্টায় দুই জনের প্রাণ গেছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭১ জন।
এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৭৬ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ২৬ হাজার ২৭২ জনে।
চলতি অগাস্ট মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা অন্য মাসগুলোকে ছাড়িয়ে গেছে। অগাস্টের ১৯ দিনের হিসাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৯৬২ জন; মারা গেছেন ২২ জন।
এর আগে গত জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৮১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯ জন, মার্চে ৩৫৩ জন, এপ্রিলে ৬৪০ জন, মে ৭১৪ জন, জুন ২ হাজার ৯০৭ জন এবং জুলাই মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ২০৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ১৩০ জন। ১১৯ জন ভর্তি হন দক্ষিণ সিটি এলাকার হাসপাতালগুলোতে।
বিভাগের মধ্যে বরিশালে ৭০ জন, চট্টগ্রামে ৮৩ জন, খুলনায় ১৩৩ জন ও ময়মনসিংহে ৩৫ জন, রাজশাহীতে ৯২ এবং রংপুরে ছয়জন এবং সিলেটে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।
